
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির ওপর অতিরিক্ত নির্ভরতা বাংলাদেশকে তীব্র জ্বালানি ও অর্থনৈতিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে। এর প্রভাবে বাড়ছে বিদ্যুৎ বিভ্রাট ও মূল্যস্ফীতি। একই সঙ্গে বস্ত্র ও পোশাকশিল্পের উৎপাদন কার্যক্রমও ব্যাহত হচ্ছে। আন্তর্জাতিক একটি সংস্থার প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে।
প্রতিবেদনে গবেষণার তথ্য তুলে ধরে বলা হয়েছে, মহেশখালী-মাতারবাড়ী এলাকায় এলএনজি ও কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো তাদের পুরো কার্যকালজুড়ে ১ বিলিয়ন টনের বেশি গ্রিনহাউস গ্যাস নির্গমন করবে। এতে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি আরও বাড়বে।
আজ কক্সবাজারে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়েছে, এলএনজি আমদানিনির্ভরতা বাংলাদেশকে অসহনীয় ঋণের বোঝায় জড়িয়ে ফেলছে। পাশাপাশি উপকূলীয় জনগোষ্ঠীর বাস্তুচ্যুতি এবং বিপুল পরিমাণ গ্রিনহাউস গ্যাস নির্গমনের ঝুঁকিও তৈরি করছে।
মার্কেট ফোর্সেসের এশিয়া এনার্জি ট্রানজিশন ডিরেক্টর মুনিরা চৌধুরী বলেন, "এলএনজি বিদ্যুৎকেন্দ্রগুলো দেশের জন্য বড় বোঝা হবে। আবার এলএনজি আমদানিতেও বড় খরচ হবে। ২০২৭ সালের খরচ হিসেবে ধরলে বছরে অন্তত ২৫ বিলিয়ন ডলার ব্যয় হতে পারে বাংলাদেশের। জাপান যেহেতু বিনিয়োগ করবে তাহলে তারা নবায়নযোগ্য জ্বালানি ও আধুনিক ট্রান্সমিশন সিস্টেমে বিনিয়োগ করছে না কেন।"
তিনি বলেন, বাংলাদেশের মানুষের প্রয়োজন সাশ্রয়ী নবায়নযোগ্য জ্বালানি ও নির্মল বায়ু। এ কারণে নবায়নযোগ্য জ্বালানির ওপরই বেশি গুরুত্ব দেওয়া উচিত। তবে অর্থনীতি ও টেকসই জ্বালানি বিশেষজ্ঞদের মতে, নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব বাড়ানোর কোনো বিকল্প নেই। কিন্তু এ পরিবর্তন বাস্তবায়ন করতে হবে ধাপে ধাপে। তাঁদের মতে, কত দিনের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি বিদ্যুৎ উৎপাদনে প্রধান ভূমিকা নেবে এবং কোন ধরনের জ্বালানি অগ্রাধিকার পাবে, সে বিষয়ে বাংলাদেশ একটি সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করতে পারে।
সম্প্রতি 'রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৬'-এ অংশ নিয়ে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুতের ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
এলএনজি আমদানির সম্ভাব্য ব্যয় ২৫.৮ বিলিয়ন ডলার
মার্কেট ফোর্সেস, ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) যৌথভাবে প্রতিবেদনটি তৈরি করেছে। এতে বলা হয়েছে, এলএনজি আমদানিনির্ভর বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশের বছরে সর্বোচ্চ ২৫ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হতে পারে।
'এলএনজি নিয়ে শেষ মরিয়া চেষ্টা: বাংলাদেশের জন্য মিডি মাস্টারপ্ল্যান' শীর্ষক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগ (মিডি) এবং এর আওতায় জীবাশ্ম জ্বালানির অবকাঠামো ও প্রকল্প উন্নয়নে ব্যয় হবে ২০ বিলিয়ন মার্কিন ডলার।
প্রতিবেদনে বলা হয়েছে, "জ্বালানি কোম্পানিগুলোর এটি একটি শেষ মরিয়া চেষ্টা, যার লক্ষ্য বাংলাদেশকে ব্যয়বহুল ও অনির্ভরযোগ্য এলএনজি আমদানির ওপর নির্ভরশীল করে রাখা। ক্রমবর্ধমান বিদ্যুৎ বিল ও লোডশেডিংয়ের বোঝায় বাংলাদেশের উৎপাদন খাত এবং ভোক্তারা ইতিমধ্যে ভুগছেন। ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল আমদানিকৃত এলএনজির ওপর নির্ভরশীল হলে এই সংকট আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।"
মুনিরা চৌধুরীর মতে, নতুন ও ব্যয়বহুল জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা বাংলাদেশের জন্য দ্বিমুখী বিপদ তৈরি করছে। একদিকে বিষাক্ত দূষণের কারণে হাজারো মানুষের মৃত্যু হচ্ছে। অন্যদিকে, আমদানি করা গ্যাসের অত্যধিক ব্যয় উৎপাদন খাতকে বিপর্যস্ত করছে, মানুষের জীবিকা কেড়ে নিচ্ছে। উৎপাদন ব্যাহত হওয়ায় শত শত মিলিয়ন ডলারের ক্ষতিও হচ্ছে।
আন্তর্জাতিক অর্থায়নকারীদের উদ্দেশে তিনি বলেন, এলএনজি বা কয়লার মতো পুরোনো জ্বালানি অবকাঠামোয় অর্থায়ন না করে ২০৩০ সালের জন্য বাংলাদেশের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করা উচিত।
মার্কেট ফোর্সেসের হিসাব অনুযায়ী, মিডি প্রকল্পের আওতায় প্রস্তাবিত গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে আনুমানিক ১৯ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হবে। এ ছাড়া স্থলভিত্তিক এলএনজি আমদানি টার্মিনাল নির্মাণে প্রয়োজন হবে আরও প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০৩০-এর দশকের পরবর্তী সময়েও দীর্ঘমেয়াদি এলএনজি আমদানি পরিকল্পনা অব্যাহত থাকলে অর্থনীতির ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে। ২০২৭ সালের পূর্বাভাস অনুযায়ী, গড় দাম বজায় থাকলে এলএনজি আমদানিতে বছরে সর্বোচ্চ প্রায় ২৬ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হতে পারে। তবে দাম কমে গেলে এই ব্যয় বছরে ৭ বিলিয়ন মার্কিন ডলারে নেমে আসতে পারে।
মার্কেট ফোর্সেসের পূর্বাভাসে বলা হয়েছে, মিডি প্রকল্পের আওতায় এলএনজি ও কয়লার মতো জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো তাদের পুরো কার্যকালজুড়ে ১ বিলিয়ন টনেরও বেশি গ্রিনহাউস গ্যাস নির্গমন করবে। এই নির্গমনের পরিমাণ বাংলাদেশের বর্তমান জীবাশ্ম জ্বালানিজনিত নির্গমনের ১০ গুণেরও বেশি।
অন্যদিকে, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) প্রণীত মিডি মাস্টারপ্ল্যানে চট্টগ্রাম অঞ্চলে নতুন করে ১৩ গিগাওয়াট এলএনজিভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা স্থাপনের প্রস্তাব করা হয়েছে।
উল্লেখ্য, ১ গিগাওয়াট সমান ১ হাজার মেগাওয়াট। জাপানের সহায়তায় বাস্তবায়িত মাতারবাড়ী-১ একটি ৬ বিলিয়ন মার্কিন ডলারের কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সময় ২০ হাজারেরও বেশি লবণচাষি, মৎস্যজীবী ও অন্যান্য স্থানীয় উৎপাদক তাঁদের জীবিকা হারিয়েছেন।
মুনিরা চৌধুরী বলেন, "এলএনজি ও কয়লা দিয়ে মাতারবাড়ীতে যে পরিকল্পনা করা হয়েছে সেটিতে লোকাল ইকনমি ডেস্ট্রয় হবে। সামাজিক সংকট ও জলবায়ু পরিবর্তনজনিত বিপর্যয় তৈরি হবে।"
নবায়নযোগ্য জ্বালানিতে যেতে হবে ধাপে ধাপে, এখনই বাদ দেওয়া যাচ্ছে না এলএনজি-কয়লা
বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুও স্বীকার করেছেন, জীবাশ্ম জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে বিশ্ববাজারের অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব বাংলাদেশের ওপর পড়েছে। এ পরিস্থিতিতে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে একটি বিশেষ আইন প্রণয়নের কাজ চলছে।
গত ২৭ অক্টোবর বুয়েটে আয়োজিত 'রিনিউয়েবল এনার্জি ফেস্ট'-এ তিনি বলেন, "আমরা স্পেশাল রিনিউয়েবল এনার্জি ল তৈরি করছি, যা ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে গৃহীত সিদ্ধান্ত ও কার্যক্রমকে আরও সহজ করবে।"
এদিকে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ উৎসাহিত করতে সরকার বিভিন্ন নীতিগত প্রণোদনাও চালু করেছে। এর মধ্যে রয়েছে ২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতের জন্য শূন্য শতাংশ করহার এবং সৌরবিদ্যুতের উপকরণ আমদানিতে শুল্ক অব্যাহতি।
মার্কেট ফোর্সেসের তথ্য অনুযায়ী, বাংলাদেশে সর্বোচ্চ ২৪০ গিগাওয়াট সৌরবিদ্যুৎ এবং ৩০ গিগাওয়াট স্থলভিত্তিক বায়ুবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে।
বিশ্লেষকদের মতে, নবায়নযোগ্য জ্বালানির দিকে এগিয়ে যাওয়ার বিষয়ে বিশ্বজুড়ে ঐকমত্য রয়েছে। বাংলাদেশকেও সেই পথে অগ্রসর হতে হবে। তবে দেশের বাস্তবতা বিবেচনায় নিয়ে ধাপে ধাপে নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দিতে হবে।
টেকসই জ্বালানি বিশেষজ্ঞ ও বুয়েটের সাবেক অধ্যাপক ড. ইজাজ হোসেন বলেন, "বাস্তবতা দেখতে হবে। সরকার ২০৩০ সালকে টার্গেট করে যে উদ্যোগ নিয়েছে সেটাই অনেকটা অতিবিলাসী হলেও সেটি অর্জন করা সম্ভব। বড় চ্যালেঞ্জ হলো এই যে ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানির জন্য গ্রিডে নতুন উৎপাদিত বিদ্যুৎ যুক্ত করা হবে, সেটিই বাস্তবায়ন করা।
সূত্র: বিবিসি