
মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
এর আগে বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে রাজধানীর মিরপুর-১ এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে ভারী যন্ত্রপাতি দিয়ে স্বাস্থ্যকেন্দ্রটির কয়েকটি স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটে। এ ঘটনায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীর নাম সামনে আসে। ফেরদৌসী আহমেদ মিষ্টির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজনের সম্পৃক্ততার অভিযোগও ওঠে।
রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ উঠলেও তিনি হামলা ও ভাঙচুরের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে।
এর মধ্যেই বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে। পরে তিনি জাতীয় সংসদে গিয়ে পদত্যাগপত্র জমা দেন।