
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের পরিধি আরও বিস্তৃত হয়েছে। দলের কেন্দ্রীয় পর্যায়ের ছয় নেতাকে নতুন করে এই পর্ষদে অন্তর্ভুক্ত করা হয়েছে, ফলে সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে।
বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাতে দলের দফতর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন অন্তর্ভুক্ত সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, সদস্য সচিব আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত এবং যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মে অনুষ্ঠিত এনসিপির সাধারণ সভার দ্বিতীয় সিদ্ধান্ত অনুযায়ী দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এই ছয় নেতাকে রাজনৈতিক পর্ষদে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর আগে গত ২২ এপ্রিল দলের দুই সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদ ও আবদুল্লাহ আল আমিনকে রাজনৈতিক পর্ষদে যুক্ত করা হয়। আতিকুর রহমান মোজাহিদ কুড়িগ্রাম-২ এবং আবদুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জ-৪ আসন থেকে ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
নতুন ছয় সদস্য যুক্ত হওয়ায় এনসিপির রাজনৈতিক পর্ষদে মোট সদস্য সংখ্যা এখন ১৮ জনে পৌঁছেছে।