
দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে ড. মোহাম্মদ নাদিমুর রহমানের যোগদানের খবর।
তিনি বর্তমানে তুরস্কের নিদে ওমের হালিসদেমির বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। পারিবারিক পরিচয়ের কারণে জামায়াত-সংশ্লিষ্টতা থাকলেও তিনি দীর্ঘদিন ধরে প্রগতিশীল ও সংস্কারপন্থি চিন্তার জন্য আলোচনায় ছিলেন।
জামায়াতের নীতি-নির্ধারণ নিয়ে বিভিন্ন সময় দ্বিমত প্রকাশ এবং দলটির নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েও তিনি আগে আলোচিত হন। সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এনসিপির প্রতীক ‘শাপলা কলি’র প্রতি সমর্থন জানান তিনি।
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, নাদিমুর রহমান নিজ থেকেই দলে যুক্ত হওয়ার আগ্রহ দেখিয়েছেন এবং দল তাকে স্বাগত জানিয়েছে। শিগগিরই তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন।
নাদিমুর রহমান বলেন, এনসিপি তরুণদের দল হিসেবে তাকে আকৃষ্ট করেছে এবং তিনি তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। বর্তমানে তিনি বিদেশে থাকলেও অনলাইনে যুক্ত হচ্ছেন এবং দেশে এসে আনুষ্ঠানিকভাবে যোগদানের পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল থেকে এনসিপিতে বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম ও সংগঠন থেকে একাধিক নেতা-কর্মীর যোগদানের ধারা শুরু হয়। এর মধ্যে এবি পার্টি, আপ বাংলাদেশ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্তত ৪৫ জন নেতা-কর্মী দলটিতে যোগ দেন।