
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্মতারিখ সংশোধনের ক্ষেত্রে প্রক্রিয়া আরও সহজ করেছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। এখন থেকে অনলাইনে যাচাইযোগ্য শিক্ষাগত সনদের ভিত্তিতে জন্মতারিখ সংশোধনের আবেদন স্থানীয় পর্যায়ের কর্মকর্তারাই নিষ্পত্তি করতে পারবেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক পরিপত্রে এ নির্দেশনা জানানো হয়।
পরিপত্র অনুযায়ী, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ দেখিয়ে জন্মতারিখ সংশোধনের আবেদন করলে সেটি জাতীয় পরিচয়পত্রের মহাপরিচালক (ডিজি) নিষ্পত্তি করবেন। একইভাবে নিজের নাম অথবা বাবা-মায়ের নাম সম্পূর্ণ পরিবর্তনের আবেদনও কেন্দ্রীয় পর্যায় থেকে নিষ্পত্তি করা হবে।
এ ছাড়া জন্মতারিখ, নিজের নাম কিংবা বাবা-মায়ের নাম সম্পূর্ণ পরিবর্তনের সুযোগ একজন নাগরিক মাত্র একবার পাবেন। একবার এসব তথ্য পুরোপুরি পরিবর্তন করা হলে একই তথ্য আবার পরিবর্তনের জন্য দ্বিতীয়বার আবেদন করার সুযোগ থাকবে না।
নতুন নির্দেশনার ফলে এনআইডির তথ্য সংশোধনের ক্ষেত্রে কোন আবেদন মাঠপর্যায়ের কর্মকর্তারা নিষ্পত্তি করতে পারবেন এবং কোন আবেদন কেন্দ্রীয় অনুমোদনের প্রয়োজন হবে, সে বিষয়ে দায়িত্ব ও প্রক্রিয়া আরও স্পষ্ট হলো।