
ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের প্রবীণ নেতা এ কে এম রহমতুল্লাহ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
বুধবার (৩ জুন) ভোর ৪টা ৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে মানসুরা রহমতুল্লাহ। তিনি জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন তার বাবা।
পারিবারিক সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন এ কে এম রহমতুল্লাহ। মৃত্যুর পর তার মরদেহ রাজধানীর বাড্ডার বেরাইদ এলাকার নিজ বাসভবনে নেওয়া হয়।
এ কে এম রহমতুল্লাহ আমৃত্যু আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনে তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে তিনি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
দলীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘ সময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেন। বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বাধীনতা যুদ্ধেও তার ভূমিকা রয়েছে।
পরিবার জানায়, বুধবার (৩ জুন) বিকেল সাড়ে ৩টায় বেরাইদ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে বেরাইদ কবরস্থানে দাফন করা হবে।