
পরিচালক চৈতি ঘোষালের নতুন সিনেমা ‘নেভার মাইন্ড’ সম্প্রতি মুক্তি পেয়েছে। ছবিটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং অভিনেতা অমর্ত্য। তবে সিনেমার চেয়ে প্রিমিয়ার অনুষ্ঠানে অভিনেত্রীর পোশাক নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি আলোচনা হয়েছে।
পোশাক নির্বাচন নিয়ে সমালোচনার মুখে পড়া ঋতুপর্ণা অবশ্য নতুন নন। তবে শুধু এ কারণেই নয়, আরেকটি অভ্যাসের কারণেও প্রায়ই নেটিজেনদের ট্রলের শিকার হন তিনি।
বিভিন্ন সাক্ষাৎকার বা জনসমক্ষে কথা বলার সময় প্রায়ই তাকে চুলে হাত বুলাতে দেখা যায়। চুল এলোমেলো না থাকলেও কথার ফাঁকে বারবার চুল ঠিক করার এই অভ্যাস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য ও কৌতুক করা হয়।
কেউ কেউ বিষয়টি নিয়ে বিদ্রূপ করে তাকে মাথা ন্যাড়া করার পরামর্শও দিয়েছেন। আবার অনেকে মনে করেন, ক্যামেরার সামনে বাড়তি মনোযোগ আকর্ষণের উদ্দেশ্যেই তিনি এমনটি করেন। তবে এসব জল্পনার জবাব এবার নিজেই দিয়েছেন অভিনেত্রী।
ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, ‘আমার একটাই বদ অভ্যাস, আমি বারবার কথা বলতে বলতে চুলে হাত দিই। আমার খালি মনে হয় যেন আমার চুলটা সেট নেই। তাই বারবার চুলে হাত দিয়ে দেখি নিজের চুল ঠিক আছে কিনা।’
তিনি আরও বলেন, ‘এটা আমার অনেক ছোটবেলার বদ অভ্যেস। তবে সব সময় এটা হয় না। ক্যামেরার সামনে দাঁড়ালেই কেন জানি না আমি নিজে থেকেই সচেতন হয়ে যাই। বারবার চুলে হাত দিয়ে ফেলি। একা থাকলে অতটা চুলে হাত দিই না।’