
দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ইস্টার্ন ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অভিজ্ঞ ব্যাংকার হাসান ও. রশিদ। তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করা আলী রেজা ইফতেখারের স্থলাভিষিক্ত হলেন। ২০০৭ সাল থেকে টানা এমডির দায়িত্বে থাকা আলী রেজা ইফতেখার দেশের ব্যাংকিং খাতে দীর্ঘতম মেয়াদে দায়িত্ব পালনকারীদের একজন।
সোমবার (২০ এপ্রিল) ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিন দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা নিয়ে হাসান ও. রশিদ নতুন দায়িত্বে যোগ দিয়েছেন। এর আগে তিনি প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ইস্টার্ন ব্যাংকেই অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করেছেন।
কর্মজীবনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আর্থিক প্রতিষ্ঠান যেমন- ক্রেডিট অ্যাগ্রিকোল ইন্দোসুয়েজ, এইচএসবিসি এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যাংকে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রূপান্তরমূলক নেতৃত্ব, উদ্ভাবন এবং কৌশলগত ব্যবস্থাপনায় দক্ষতার জন্য তিনি পরিচিত। ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত ইস্টার্ন ব্যাংকের অতিরিক্ত এমডি হিসেবে দায়িত্ব পালনকালে তার নেতৃত্বে ব্যাংকটির ব্যালান্স শিট দ্বিগুণ হয় এবং ট্রেড ফাইন্যান্স কার্যক্রমে উল্লেখযোগ্য সম্প্রসারণ ঘটে। এ সময় দেশে প্রথমবারের মতো কমার্শিয়াল পেপার ও জিরো কুপন বন্ডের মতো আধুনিক আর্থিক উপকরণ চালু করা হয়। শিক্ষাজীবনে হাসান ও. রশিদ যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ইউনিভার্সিটি থেকে অর্থনীতি ও ব্যবসায় প্রশাসনে স্নাতক এবং থান্ডারবার্ড স্কুল অব গ্লোবাল ম্যানেজমেন্ট থেকে আন্তর্জাতিক ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
তিনি ‘ওয়াল স্ট্রিট জার্নাল স্টুডেন্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ লাভ করেন এবং যুক্তরাজ্যভিত্তিক ওমেগা থেকে ‘ক্রেডিট প্রফেশনাল’ সনদ অর্জন করেছেন।
ব্যাংকটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, তার নেতৃত্বে ইস্টার্ন ব্যাংক নতুন উচ্চতায় পৌঁছাবে এবং উদ্ভাবনী ব্যাংকিং সেবায় আরও এগিয়ে যাবে।