
দীর্ঘ আট বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পঞ্চম সমাবর্তন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এ সমাবর্তন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ শেষে এ তথ্য জানান উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সমাবর্তন আয়োজনের বিষয়ে সম্মতি দিয়েছেন। নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের গ্র্যাজুয়েটদের আনুষ্ঠানিকভাবে সনদ দেওয়া হবে।
উপাচার্য বলেন, ‘মহামান্য রাষ্ট্রপ্রতির সঙ্গে দেখা করে আমরা ইবির ৫ম সমাবর্তনের বিষয়ে কথা বলেছি। তিনি এ ব্যাপারে আমাদেরকে সম্মতি দিয়েছেন।’
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত চারটি সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হয় ২০১৮ সালে।
দীর্ঘ বিরতির পর পঞ্চম সমাবর্তন আয়োজনের সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।