
ইরাক সীমান্ত পেরিয়ে কয়েক হাজার কুর্দি যোদ্ধা ইরানে ঢুকে স্থল অভিযান শুরু করেছে বলে দাবি উঠেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। তবে তেহরান এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে এবং একে গুজব হিসেবে উল্লেখ করেছে।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত সাড়ে ৪টার দিকে জানায়, একাধিক সূত্রের বরাতে জানা গেছে যে ইরাক থেকে কুর্দি যোদ্ধারা ইরানের ভেতরে প্রবেশ করেছে।
এদিকে জেনিফার গ্রিফিন নামের একটি এক্স অ্যাকাউন্টে বলা হয়, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ফক্স নিউজকে জানিয়েছেন যে কয়েক হাজার কুর্দি যোদ্ধা ইরানে সীমান্ত পেরিয়ে স্থল হামলা শুরু করেছে।
এর আগে বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে কুর্দিদের এক কর্মকর্তা জানিয়েছিলেন, তারা কয়েক হাজার যোদ্ধাকে প্রস্তুত রেখেছেন যারা যুক্তরাষ্ট্রকে স্থল অভিযানে সহায়তা করতে পারে। ওই কর্মকর্তা এপিকে বলেন, যুক্তরাষ্ট্র তাদের কাছে সহযোগিতা চেয়েছে।
কুর্দি গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরেই ইরান সরকারের বিরোধিতা করে আসছে। তাদের হাতে প্রশিক্ষিত কয়েক হাজার যোদ্ধা রয়েছে। বিশ্লেষকদের মতে, তারা বড় আকারে স্থল হামলা শুরু করলে ইরান সরকারের জন্য পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে।
খবরে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পরিকল্পনা হতে পারে কুর্দি যোদ্ধাদের দিয়ে ইরানের নিরাপত্তা বাহিনীর ওপর আঘাত হানা, যাতে বাহিনী দুর্বল হয়ে পড়ে। এরপর সাধারণ জনগণকে সরকার পতনের দাবিতে রাজপথে নামার আহ্বান জানানো হতে পারে।
খলিল নাদিরি নামের কুর্দিস্তান ফ্রিডম পার্টির এক নেতা বলেছেন, তাদের যোদ্ধারা ইরান সীমান্তঘেঁষা সুলাইমানিয়াহ প্রদেশে অবস্থান করছে এবং তারা প্রস্তুত আছে।
কুর্দিস্তান ইরাকের একটি আধা স্বায়ত্তশাসিত অঞ্চল, যেখানে কুর্দি জনগোষ্ঠীর বসবাস। একই সঙ্গে ইরানের ভেতরেও উল্লেখযোগ্য সংখ্যক কুর্দি জনগোষ্ঠী রয়েছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল, অ্যাসোসিয়েটেড প্রেস