
একটি দ্রুত প্রশ্নের উত্তরে বলা মাত্র কয়েকটি শব্দই যেন দীর্ঘদিনের বিতর্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল বলিউড অভিনেতা ইমরান হাশমির জন্য। ঐশ্বরিয়া রায়কে ‘প্লাস্টিক’ বলার সেই মন্তব্যের জন্য পরবর্তী সময়ে অনুতপ্ত হওয়ার কথা জানালেও, এর প্রভাব দীর্ঘদিন বয়ে বেড়াতে হয়েছে বলে জানিয়েছেন অভিনেতা।
২০১৪ সালে ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানের দ্রুত প্রশ্নোত্তর পর্বে ইমরানকে জিজ্ঞেস করা হয়েছিল, কোন তারকার নামের সঙ্গে তিনি ‘প্লাস্টিক’ শব্দটি যুক্ত করেন। খুব বেশি না ভেবেই তিনি ঐশ্বরিয়া রায়ের নাম বলেন। তখন তার পাশে ছিলেন নির্মাতা-প্রযোজক মহেশ ভাট। এরপরই মন্তব্যটি নিয়ে বলিউডে ব্যাপক আলোচনা শুরু হয় এবং ভক্তদের সমালোচনার মুখে পড়েন ইমরান।
২০২৫ সালে নিজের ওয়েব সিরিজ ‘শোটাইম’-এর প্রচারের সময় দেওয়া এক সাক্ষাৎকারে পুরোনো সেই মন্তব্য নিয়ে কথা বলেন অভিনেতা। সেখানে তিনি জানান, কথাটি বলার জন্য তিনি অনুতপ্ত। ইমরানের ভাষায়, ‘আমি এর জন্য দুঃখিত। আমি যাদের নিয়ে কথা বলেছিলাম, তাদের প্রত্যেকের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। মন্তব্যটি রুচিশীল ছিল না, আমি অনুতপ্ত।’
তিনি আরও বলেন, ‘অনুষ্ঠানে আমরা একটি খেলা খেলছিলাম। সবকিছুই মজার ছলে বলা হয়েছিল এবং বিষয়টি খেলাভাবেই নেওয়ার কথা ছিল। কিন্তু এখন পরিস্থিতি অনেক বদলে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষ অনেক বেশি সংবেদনশীল হয়ে উঠেছে।’
ইমরান জানান, সে সময় তার প্রধান লক্ষ্য ছিল র্যাপিড-ফায়ার পর্বে দ্রুত উত্তর দিয়ে জিতে যাওয়া এবং পুরস্কার হিসেবে হ্যাম্পারটি পাওয়া। সেই তাড়াহুড়ার মধ্যেই মুখে যা এসেছিল, তা বলে ফেলেছিলেন তিনি।
সাক্ষাৎকারে ঐশ্বরিয়ার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা হওয়ার ঘটনাও উঠে আসে। ইমরান জানান, তিনি ঐশ্বরিয়ার দীর্ঘদিনের ভক্ত। ‘হাম দিল দে চুকে সানম’ মুক্তির পর একবার তাকে দেখার জন্য প্রায় তিন ঘণ্টা অপেক্ষা করেছিলেন বলেও জানান তিনি।
অভিনেতার কথায়, ‘আমি তার বিশাল ভক্ত ছিলাম। এখনো আছি। সুযোগ পেলে ঐশ্বরিয়ার সঙ্গে দেখা করে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইতে চাই, যদি আমার কথায় তিনি কষ্ট পেয়ে থাকেন। তাকে বলতে চাই, আমি দুঃখিত।’
তবে ঐশ্বরিয়াকে নিয়ে ওই মন্তব্যের প্রভাব শুধু সমালোচনার মধ্যেই সীমাবদ্ধ ছিল না বলে এর আগে জানিয়েছিলেন ইমরান। ২০২৪ সালে ‘বলিউড বাবল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কফি উইথ করণ’-এ খোলামেলা মন্তব্য করার কারণে দীর্ঘ সময় তাকে এর পরিণতি ভোগ করতে হয়েছে।
ইমরানের ভাষ্য অনুযায়ী, র্যাপিড-ফায়ার পর্বের রেকর্ডিং শেষে করণ জোহরও তার উত্তর শুনে কিছুটা বিস্মিত হয়েছিলেন। মন্তব্যটি শেষ পর্যন্ত অনুষ্ঠানটিতে প্রচার করা হবে কি না, তা নিয়েও সেটে আলোচনা হয়েছিল।
অন্যদিকে, ঐশ্বরিয়া কখনো প্রকাশ্যে সরাসরি ইমরানের ওই মন্তব্যের জবাব দেননি। তবে ২০১৯ সালে এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তাকে নিয়ে করা কোন মন্তব্যটি সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। জবাবে তিনি জানান, তাকে ‘ফেক’ ও ‘প্লাস্টিক’ বলা মন্তব্য দুটিই তার কাছে সবচেয়ে কষ্টদায়ক ছিল।
এদিকে ইমরান হাশমি বর্তমানে তার নতুন সিনেমা ‘আওয়ারাপন ২’ নিয়ে ব্যস্ত। ২০০৭ সালের জনপ্রিয় চলচ্চিত্র ‘আওয়ারাপন’-এর এই সিক্যুয়েলে তার সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানি, শাবানা আজমি ও সুবিন্দর ভিকি।
সূত্র: ইন্ডিয়া টুডে