
গভীর রাতে নিজ বাড়ি থেকে আটক হলেন পাবনা ২ আসনে জাতীয় নাগরিক পার্টির হ্যাঁ ভোটের অ্যাম্বাসেডর ও যুবশক্তির কেন্দ্রীয় নেতা মুহাম্মাদ আসাদুল্লাহ।
চেক ডিজঅনার সংক্রান্ত একটি মামলায় তাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ১৩ ফেব্রুয়ারি রাত প্রায় আড়াইটার দিকে উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রাম থেকে কামালপুর ফাঁড়ির পুলিশ তাকে আটক করে। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয়। তিনি সৈয়দপুর গ্রামের আকমল শিকদারের ছেলে।
মুহাম্মাদ আসাদুল্লাহ জাতীয় নাগরিক পার্টি এর যুব সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক। পাশাপাশি তিনি দলের প্রেস উইংয়ের দায়িত্ব পালন করছেন এবং নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া বিষয়ক উপকমিটিতেও যুক্ত ছিলেন।
পুলিশ সূত্র জানায়, ২০২৪ সালে জামালপুর জেলার এক ব্যক্তির করা চেক ডিজঅনার মামলায় আদালত তাকে এক মাসের কারাদণ্ড ও তিন লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভোটের অ্যাম্বাসেডর হিসেবে তিনি এলাকায় প্রচারণায় সক্রিয় ছিলেন। নির্বাচন শেষে নিজ বাড়িতে অবস্থানকালে শুক্রবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। পরে সুজানগর থানায় এনে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
আসাদুল্লাহর স্ত্রী নাঈমা আক্তার রিমা অভিযোগ করেন, গভীর রাতে বাসা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তার দাবি, এটি পারিবারিক ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক মামলা। তিনি দ্রুত তার স্বামীর মুক্তি দাবি করেন।
এ বিষয়ে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খইম উদ্দিন বলেন, চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।