
প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নতুন বাসভাড়া কার্যকর করা হবে। জ্বালানির মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবহন ভাড়া পুনর্নির্ধারণে আলোচনা চলছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য দেন।
ডা. জাহেদ বলেন, জ্বালানির দাম বাড়ায় পরিবহন খাতে ভাড়া সমন্বয়ের প্রয়োজন দেখা দিয়েছে। তবে এ সিদ্ধান্ত যেন যৌক্তিক হয়, সে বিষয়টি সরকার গুরুত্বসহকারে দেখছে।
তিনি আরও বলেন, প্রয়োজনে এসি বাসের ভাড়া দুই বা তিনটি স্তরে নির্ধারণ করা হতে পারে, যাতে যাত্রীদের জন্য সুবিধাজনক ও বাস্তবসম্মত কাঠামো তৈরি করা যায়। ঈদের আগেই তা কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
ঢাকার বাসস্ট্যান্ডগুলোর মানোন্নয়নে সিটি কর্পোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ শুরু করেছে বলে উল্লেখ করেন।
ডা. জাহেদ বলেন, জ্বালানির দাম বাড়লে বাজারে কিছু পণ্যের দাম বাড়তে পারে, এটি বাস্তবতা। বাসভাড়াও বাড়তে পারে। তবে কোনোভাবেই যেন অযৌক্তিক ভাড়া বৃদ্ধি না হয়, সরকার সে বিষয়ে কঠোর অবস্থানে থাকবে।
তিনি আরও দাবি করেন, বর্তমানে জ্বালানির যে অতিরিক্ত চাহিদা দেখা যাচ্ছে, তার একটি অংশ অবৈধ মজুদ ও পাচারের কারণে তৈরি হয়েছে।
এছাড়া আগামী বছর থেকে আঞ্চলিকভাবে পহেলা বৈশাখ উদ্যাপনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। এ লক্ষ্যে ভারত, ভুটান, মিয়ানমারসহ কয়েকটি প্রতিবেশী দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে উল্লেখ করেন।