বলিউড অভিনেত্রী আলিয়া ভাট আবারও পাপারাজ্জিদের আচরণে ক্ষুব্ধ হয়েছেন। ২০২৩ সালে ঘরে বসে অনাকাঙ্ক্ষিতভাবে তোলা ছবি প্রকাশিত হওয়ার পর থেকে আলিয়া বারবার পাপারাজ্জিদের সীমালঙ্ঘন নিয়ে সরব হয়েছেন, তবে সম্প্রতি তাদের চরম আক্রমণাত্মক আচরণে তার ধৈর্য শেষ হয়ে গেছে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, পিকলবল খেলার পর বাড়ি ফিরছিলেন আলিয়া। ঠিক সেই সময় ফটোশিকারিরা তার পিছু ধাওয়া করে আবাসনের ভেতরে ঢুকে পড়ে, এমনকি প্রবেশদ্বারের সামনে বাধা দেয়। ভিডিওতে আলিয়া পাপারাজ্জিদের উদ্দেশে দৃঢ়ভাবে বলেন, গেটের ভেতরে ঢুকবে না একদম। এটা তোমাদের বাড়ি নয়। দয়া করে বাইরে যাও। তোমরা এখানে ঢুকতে পারবে না।” বারবার অনুরোধ সত্ত্বেও তারা ছবি তোলা বন্ধ করেনি।
আলিয়া তখন আরও বলেন, আপনারা এখনো কথা শুনছেন না। বাহ, ধন্যবাদ। তার কড়া প্রতিক্রিয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনরা আলিয়ার পক্ষ নেওয়ায় মন্তব্য করছেন।
এদিকে আলিয়া বর্তমানে তার পরবর্তী সিনেমা ‘আলফা’-এর শুটিংয়ে ব্যস্ত। এটি একটি স্পাই ইউনিভার্স চলচ্চিত্র, যেখানে আলিয়ার সঙ্গে শর্বরীকেও দেখা যাবে। ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ২৫ ডিসেম্বর।