
বিশ্বকাপের বড় মঞ্চে আর্জেন্টিনা নাকি রেফারি বা আয়োজকদের কাছ থেকে বাড়তি সুবিধা পায়—এমন অভিযোগ নতুন নয়। কেপ ভার্দের বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচের আগে আবারও সামনে আসে সেই বিতর্ক। তবে বিষয়টি নিয়ে সরাসরি প্রতিক্রিয়া জানিয়ে অভিযোগ সম্পূর্ণভাবে নাকচ করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি।
মায়ামিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন করা হয়, ফিফা কি আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দিচ্ছে? জবাবে স্ক্যালোনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের দাবি ও গুঞ্জন ছড়িয়ে পড়ে, কিন্তু সেগুলোর সবকিছু বাস্তবতার সঙ্গে মেলে না।
তিনি বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে যে কেউ যেকোনো কিছু বলতে বা লিখতে পারে, আর সেগুলো খুব দ্রুত ছড়িয়ে পড়ে। তাই এসব গুজব নিয়ে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। অনেক সময় কোনো দল সফল হলেই এ ধরনের অভিযোগ সামনে আসে।”
স্ক্যালোনির মতে, আর্জেন্টিনার সাফল্যের পেছনে কোনো অতিরিক্ত সুবিধা নয়, বরং পুরো দলের কঠোর পরিশ্রম ও নিবেদন কাজ করেছে। লিওনেল মেসি থেকে শুরু করে দলের কিটম্যান মারিও দে স্তেফানো পর্যন্ত সবাই নিজেদের দায়িত্ব পালন করায় বর্তমান অবস্থানে পৌঁছাতে পেরেছে দলটি।
সম্প্রতি আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে মেসির একটি ফাউলের ঘটনায় রেফারির কার্ড না দেখানোকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক শুরু হয়। বিষয়টি নিয়ে আলজেরিয়া ফিফার কাছেও অভিযোগ জানিয়েছে। এরপর থেকেই আর্জেন্টিনাকে ঘিরে বিশেষ সুবিধা পাওয়ার আলোচনা আরও জোরালো হয়েছে।
বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় মায়ামিতে কেপ ভার্দের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।