
ফুটবল বিশ্বকাপের প্রথম আসরে অংশ নিয়েছিল মাত্র ১৩টি দল। সময়ের সঙ্গে সেই সংখ্যা বেড়ে ২০২৬ সালে পৌঁছেছে ৪৮-এ। তবে দল বাড়লেও চলতি বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নিতে পারেনি চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি।
টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলতে ব্যর্থ হয়েছে আজ্জুরিরা। সরাসরি বাছাইপর্ব উতরাতে না পারলেও প্লে-অফের মাধ্যমে সুযোগ ছিল তাদের সামনে। কিন্তু বসনিয়া ও হার্জেগোভিনার কাছে হেরে সেই সম্ভাবনাও শেষ হয়ে যায়।
বর্তমানে অন্তর্বর্তীকালীন কোচ সিলভিও বালদিনির অধীনে রয়েছে ইতালি দল। বিশ্বকাপ ব্যর্থতার হতাশা কাটিয়ে এখন তারা সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া ২০২৬-২৭ উয়েফা নেশনস কাপের প্রস্তুতি নিচ্ছে। প্রতিযোগিতায় তাদের প্রথম প্রতিপক্ষ ফ্রান্স।
এদিকে জাতীয় দলের পুনর্গঠনে ইতোমধ্যে কাজ শুরু করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। সদ্য দায়িত্ব নেওয়া সভাপতি জিওভানি মালাগো ইতালির হারানো গৌরব ফিরিয়ে আনতে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করছেন।
ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর পদে সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ডিফেন্ডার পাওলো মালদিনিকে আনার আলোচনা চলছে। শুরুতে আগ্রহী না থাকলেও বর্তমানে তিনি দায়িত্ব গ্রহণের কাছাকাছি অবস্থানে রয়েছেন বলে ইতালিয়ান গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
ফেডারেশনের পরিকল্পনা অনুযায়ী, প্রথমে একজন টেকনিক্যাল ডিরেক্টর নিয়োগ দেওয়া হবে, যিনি পরবর্তীতে জাতীয় দলের প্রধান কোচ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
কোচের পদেও আসতে পারে বড় পরিবর্তন। ইতালিকে ২০২০ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা এনে দেওয়া রবার্তো মানচিনির ফেরার সম্ভাবনা নিয়ে জোর আলোচনা চলছে। জানা গেছে, ২০৩০ সাল পর্যন্ত চুক্তির প্রস্তাব দেওয়া হতে পারে তাকে। পাশাপাশি কোচ হওয়ার দৌড়ে রয়েছেন আন্তোনিও কন্তেও।
বিশ্বকাপ বঞ্চনার হতাশা পেছনে ফেলে নতুন নেতৃত্ব ও নতুন পরিকল্পনায় আবারও আন্তর্জাতিক ফুটবলের শীর্ষ পর্যায়ে ফেরার লক্ষ্য নিয়েই এগোচ্ছে ইতালি।