
আগামী পাঁচ দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দেওয়া এক পূর্বাভাসে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এ তথ্য জানান।
পূর্বাভাসে বলা হয়, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল ও সিলেটের বহু স্থানে এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কিছু এলাকায় মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টিপাতও হতে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় একই ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ সময়ও দেশের বিভিন্ন স্থানে মাঝারি ভারী বর্ষণ হতে পারে এবং তাপমাত্রায় তেমন পরিবর্তন আসবে না।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহের কিছু এলাকায়ও বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেটের অধিকাংশ স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও ভারী বর্ষণও দেখা দিতে পারে। তবে সামগ্রিকভাবে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রবিবার পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দুই-একটি স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের অন্যত্র মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কাও রয়েছে। দিন ও রাতের তাপমাত্রায় তখনও তেমন পরিবর্তন দেখা যাবে না।