
হাই কোর্ট বিভাগে বিচারকের দায়িত্ব পালন করে আসা বিচারপতি মো. হাবিবুল গনিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে।
বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে বিচারপতি হাবিবুল গনিকে আপিল বিভাগে দায়িত্ব দেওয়ার বিষয়টি জানানো হয়।
আগামী রোববার প্রধান বিচারপতির কাছে শপথ নেবেন তিনি। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, সকাল সাড়ে ৯টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বিচারপতি মো. হাবিবুল গনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার অব সোশ্যাল সায়েন্স (এমএসএস) এবং এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৮৯ সালের ৩ এপ্রিল জেলা আদালতের আইনজীবী হিসেবে এবং ১৯৯২ সালের ১১ এপ্রিল সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি।
দীর্ঘদিন আইন পেশায় থাকার পর ২০১০ সালের ১৮ এপ্রিল হাই কোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান হাবিবুল গনি। এরপর ২০১২ সালের ১৫ এপ্রিল একই বিভাগে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পান তিনি।
এবার আপিল বিভাগে বিচারিক দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে বিচারপতি হাবিবুল গনির বিচারিক কর্মজীবনে নতুন অধ্যায় যুক্ত হলো।