
আদালতে হাজিরা শেষে কারাগারে ফেরার পথে প্রিজনভ্যান থেকে মোহাম্মদপুরের রাজা ওরফে বাদশা ওরফে পিচ্চি রাজা নামে এক আসামি পালিয়ে গেছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এর সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জেল সুপার জানান, সকাল ৬টা ৫০ মিনিটে ওই আসামিকে কোর্ট পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়। আদালতে হাজিরা শেষে কারাগারে ফেরার পথে প্রিজনভ্যান থেকে তিনি পালিয়ে যান।
কারা কর্তৃপক্ষ জানায়, ফেরার পথে নাওজোর হাইওয়ে থানার কাছাকাছি একটি স্থানে টয়লেটে যাওয়ার কথা বলে আসামিকে প্রিজনভ্যান থেকে নামানো হয়। পরে সেখান থেকে তিনি পালিয়ে যান বলে পুলিশ সদস্যদের কাছ থেকে জানতে পারে কারা কর্তৃপক্ষ।
সিনিয়র জেল সুপার বলেন, আসামি কারাগার কর্তৃপক্ষের হেফাজত থেকে বের হওয়ার পর ঘটনাটি ঘটেছে। তাই এ ঘটনায় পুলিশের পক্ষ থেকেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় কারা কর্তৃপক্ষের কোনো সম্পৃক্ততা নেই বলেও জানান তিনি।
চলতি বছরের ১৯ মে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজা ওরফে বাদশা ওরফে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বরও তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তখন তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছিল পুলিশ।