
রাজশাহীতে ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিল ঘিরে পকেটমারের অভিযোগে ৬৫ নারীকে আটক করেছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (২৮ নভেম্বর) বেলা ৩টা পর্যন্ত নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জানা গেছে, আটক নারীরা দেশের বিভিন্ন স্থান থেকে রাজশাহীতে এসেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আরএমপির মিডিয়া মুখপাত্র ও ডিবি প্রধান গাজিউর রহমান। তিনি জানান, মাদ্রাসা মাঠে তাফসির মাহফিলে বিপুলসংখ্যক মানুষের সমাগমকে কেন্দ্র করে পকেটমারের ঘটনা ঘটতে পারে—এমন আশঙ্কায় পুলিশের বিশেষ গোয়েন্দা নজরদারি ছিল। বিভিন্ন সময়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা এবং পকেটমারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬৫ নারীকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে জানিয়ে আরএমপির এই কর্মকর্তা বলেন, পকেটমার চক্রের আরও সদস্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, শনিবার বিকেল থেকে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদের আয়োজনে তাফসির মাহফিল শুরু হয়েছে। এতে প্রধান আলোচক হিসেবে ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারীর উপস্থিত থাকার কথা রয়েছে।
এ ছাড়া রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভূমিমন্ত্রী মিজানুর রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে।