
দুই দেশের মধ্যে অপরাধসংক্রান্ত তথ্য বিনিময় ও পারস্পরিক আইনি সহায়তার পরিধি আরও বাড়ানোর প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আবুধাবিতে অনুষ্ঠিত ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের সাইডলাইনে সংযুক্ত আরব আমিরাতের বিচারমন্ত্রী আবদুল্লাহ বিন সুলতান বিন আওয়াদ আল নুয়াইমির সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ গুরুত্বারোপ করেন।
আইন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাক্ষাতে আইনমন্ত্রী কংগ্রেস আয়োজনের জন্য সংযুক্ত আরব আমিরাতের বিচারমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রায় ১২ লাখ বাংলাদেশি প্রবাসীকে আতিথেয়তা দেওয়া এবং দেশটির অর্থনৈতিক ও উন্নয়ন কর্মকাণ্ডে তাদের অবদান রাখার সুযোগ করে দেওয়ায় দেশটির সরকারের প্রতি ধন্যবাদ জানান তিনি।
এ সময় সংযুক্ত আরব আমিরাতের বিচারমন্ত্রী দেশটির উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশি প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
বাংলাদেশের সফররত প্রতিনিধি দলের প্রতি উষ্ণ আতিথেয়তা এবং চমৎকার ব্যবস্থাপনার জন্যও সংযুক্ত আরব আমিরাতের বিচারমন্ত্রীর প্রতি ধন্যবাদ জানান আইনমন্ত্রী।
সাক্ষাৎকালে আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস, আইনমন্ত্রীর একান্ত সচিব মো. সাজ্জাদুর রহমানসহ বাংলাদেশ প্রতিনিধি দলের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।