-6aff1c4b6a74e.webp)
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আন্দোলন মোকাবিলার দায়িত্ব সরকারের, বিরোধী দলের নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে। ফলে তাদের ঠেকানোর দায়িত্বও সরকারের। সরকার পরিস্থিতি সামাল দিতে না পারলে তখন বিরোধী দলের সহযোগিতা চাইতে পারে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২০২৬ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির এ অনুষ্ঠানের আয়োজন করে।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, আওয়ামী লীগের আন্দোলন যেহেতু সরকারের বিরুদ্ধে, তাই তা প্রতিহত করার দায়িত্ব সরকারেরই। এটি বিরোধী দলের কাজ নয়। সরকার যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়, তাহলে বিরোধী দলকে সহযোগিতার জন্য ডাকতে পারে।
তিনি বলেন, ‘সরকার যদি না পারে, তখন বলবে যে বিরোধী দল আপনারাও আসেন, আমরা পারছি না। আইনশৃঙ্খলা ব্যর্থ হয়েছে, আমাদের চেইন অব কমান্ড ব্যর্থ হয়েছে, আমাদের দল ব্যর্থ হয়েছে, তখন না হয় বিরোধী দল নামবে।’
আন্দোলন সরকারের বিরুদ্ধে, বিরোধী দলের বিরুদ্ধে নয়
শিবির সভাপতি বলেন, দেশে বিরোধী দলের হাতে আইন তুলে দেওয়ার কোনো ব্যবস্থা নেই। তাই আওয়ামী লীগের আন্দোলন মোকাবিলায় বিরোধী দলের সরাসরি মাঠে নামার প্রশ্ন আসে না। তা ছাড়া বিরোধী দলের বিরুদ্ধে আওয়ামী লীগের আন্দোলন করাটাও যৌক্তিক নয়।
তিনি বলেন, আওয়ামী লীগ মূলত রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলন করছে। কারণ, রাষ্ট্র তাদের গ্রেপ্তার করছে এবং রাজনীতি করার সুযোগ-সুবিধা দিচ্ছে না—এমন অভিযোগ তুলে তারা আন্দোলন করছে। সুতরাং সরকারের বিরুদ্ধে তাদের আন্দোলন করাটাই স্বাভাবিক।
তবে বিরোধী দলের অবস্থান থেকে ছাত্রশিবিরও প্রতিরোধ গড়ে তুলছে বলে জানান নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, প্রত্যেকটি জায়গায় তারা মিছিল করছেন। বিভিন্ন ক্যাম্পাসে মিছিল, প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন, যাতে আওয়ামী লীগ সারা দেশে এ ধরনের ঘটনা ঘটাতে না পারে।
তিনি আরও বলেন, নাগরিক অধিকার ও সচেতনতার জায়গা থেকে এসব কর্মসূচি পালন করছে ছাত্রশিবির। তবে মূল দায়িত্ব সরকারের। আওয়ামী লীগের কর্মকাণ্ড প্রতিহত করতে সরকারকেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
সরকার তা করতে না পারলে বিরোধী দল প্রস্তুত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘যদি তারা না পারে তো বলুক, বিরোধী দল আমরা ওয়েল এনাফ। আমরাও রাজপথে আওয়ামী লীগকে (কার্যক্রম নিষিদ্ধ) এর আগে প্রতিরোধ করেছি, এখনও করতে সক্ষম। এই আওয়ামী লীগকে (কার্যক্রম নিষিদ্ধ) তাড়ানোর জন্য যত মেকানিজম আছে আমরা সবকিছুই জানি, এগুলো সবই এপ্লাই করতে পারব।’
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সংগঠনটির সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফেজ মোজাহেরুল ইসলাম, কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মাহমুদুল হাসান, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুর গফুর, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ, সাবেক ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম এবং আইআইইআর পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।
এ ছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক, নবীন শিক্ষার্থী এবং সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের কোরআন, হিজাব, চাবির রিং, বই, কলম, টেবিল ক্যালেন্ডার, সংগঠনের লোগোসংবলিত প্যাড, পরিচিতি কার্ড ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি দুপুরের খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।