
৩৮ বছর বয়সেও অসাধারণ ছন্দ বজায় রেখেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। আন্তর্জাতিক ফুটবলের অবসর নিয়েছেন তিনি, তবে ঘরোয়া লিগে এখনও দারুণ পারফরম্যান্স দিয়ে সমর্থকদের মুগ্ধ করছেন। বর্তমানে তিনি শৈশবের ক্লাব রোসারিও সেন্ট্রালের হয়ে খেলছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) আর্জেন্টিনার লিগা প্রফেশনালে বারাকা সেন্টালের বিপক্ষে রোসারিও ২-০ গোলে জিতেছে। ম্যাচে একটি গোলের সঙ্গে ডি মারিয়া আরও দুই ম্যাচে করেছেন দুটি অ্যাসিস্ট।
এমন পারফরম্যান্সের পর ভক্তদের মধ্যে প্রশ্ন উত্থাপিত হয়েছে—আসন্ন বিশ্বকাপে কি তাকে দেখা যাবে? অবসর ভেঙে আবারও আকাশী-সাদা জার্সি গায়ে মাঠ মাতাবেন কি এই কিংবদন্তি?
আর্জেন্টিনার সাবেক বিশ্বচ্যাম্পিয়ন গোলকিপার উভালদো মাতিলদা ফিল্লোল সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে বলেছেন, “কোচিং স্টাফ এবং কিছু খেলোয়াড় তাকে জাতীয় দলে ফিরতে উৎসাহিত করছেন। যা আমি দেখছি তা হলো, তিনি অবশ্যই খেলবেন।”
ফিল্লোল আরও যোগ করেছেন, “আমি মনে করি তারা তাকে বিশ্বকাপে খেলতে রাজি করাতে সক্ষম হবে।”
ভিডিও পোস্টে সমর্থকরা নানা প্রতিক্রিয়া দিয়েছেন। কেউ বলেছেন, “যদি আমরা আবার বিশ্বচ্যাম্পিয়ন হতে চাই, তাকে অবশ্যই নিতে হবে।” অন্যরা আশা প্রকাশ করেছেন অন্তত দলের সঙ্গে থাকবেন এবং নিয়মিত খেলতে না পারলেও লিওনেল মেসির সঙ্গে মাঠে দেখা যাবে তাকে।
ফিল্লোল ডি মারিয়ার পারফরম্যান্সের গুরুত্ব ব্যাখ্যা করেছেন আর্জেন্টিনার লিগের কঠোর প্রতিদ্বন্দ্বিতার প্রেক্ষাপটে। তিনি বলেন, “মেসি মেজর লিগ সকারে খেলছে, যেখানে আর্জেন্টিনার লিগের মতো কঠোর প্রতিদ্বন্দ্বিতা নেই। এমন লিগে নিয়মিত ভালো করা সহজ নয়, কিন্তু ডি মারিয়া তা করছেন। তার গতিশীলতা, ক্ষুধা এবং গোল করার ক্ষমতা এখনও পুরোপুরি সক্রিয়।”
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন ডি মারিয়া। আর্জেন্টিনার হয়ে ১৪৫ ম্যাচে করেছেন ৩১ গোল। বিশ্বকাপ ও কোপা আমেরিকার ফাইনালে গোল করার অভিজ্ঞতার কারণে তার নাম বিশ্বফুটবলে অমর।
