
ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচেই জাতীয় দলে অভিষেক হচ্ছে ইংল্যান্ডপ্রবাসী তরুণ ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদের। ১৯ বছর বয়সী এই ফুটবলারকে শুরুর একাদশে রেখেছেন কোচ থমাস ডুলি। ম্যাচটি আজ শুক্রবার বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে শুরু হবে।
মালয়েশিয়ার বিপক্ষে ৪-২-৩-১ ফরমেশনে দল সাজিয়েছেন ডুলি। সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ ম্যাচের তুলনায় একাদশে এসেছে বেশ কয়েকটি পরিবর্তন। নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া ও শেখ মোরসালিন এই ম্যাচের একাদশে নেই। গোলরক্ষক হিসেবেও মিতুল মারমার পরিবর্তে দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান শ্রাবণ।
রক্ষণভাগে থাকছেন সাদ উদ্দিন, তারিক কাজী, শাকিল আহাদ তপু ও জায়ান আহমেদ। মাঝমাঠে হামজা চৌধুরীর সঙ্গে থাকছেন অধিনায়ক সোহেল রানা সিনিয়র ও শমিত সোম।
আক্রমণভাগে ফারহান আলী ওয়াহিদের সঙ্গে থাকছেন ফাহামেদুল ইসলাম ও রাকিব হোসেন। রাকিব সর্বশেষ সান মারিনোর বিপক্ষে ম্যাচে খেলতে না পারলেও আজ আবার শুরুর একাদশে ফিরেছেন।
মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), সাদ উদ্দিন, তারিক কাজী, শাকিল আহাদ তপু, জায়ান আহমেদ, হামজা চৌধুরী, সোহেল রানা সিনিয়র (অধিনায়ক), ফারহান আলী ওয়াহিদ, শমিত সোম, ফাহামেদুল ইসলাম ও রাকিব হোসেন।