
এশিয়ান গেমসের আগে বাংলাদেশ ক্রিকেট দলে এলো দুঃসংবাদ। হ্যামস্ট্রিংয়ের চোটে আসন্ন এশিয়ান গেমসে খেলা হচ্ছে না পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গত ১৯ সেপ্টেম্বর অনুশীলনে বোলিং করার সময় ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন সাইফউদ্দিন। পরে শারীরিক পরীক্ষা ও এমআরআই করানো হলে চোট ধরা পড়ে।
বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বলেন, '১৯ সেপ্টেম্বর অনুশীলনে সময় বোলিং করার সময় ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথার কথা জানান সাইফউদ্দিন। শারীরিক পরীক্ষা ও এমআরআইয়ের পর চোট নিশ্চিত হয়েছে। সুস্থ হয়ে উঠতে তার প্রায় তিন সপ্তাহ প্রয়োজন হবে।'
চোট থেকে পুরোপুরি সেরে উঠতে প্রায় তিন সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছে বিসিবি। ফলে এশিয়ান গেমসের জন্য ঘোষিত বাংলাদেশ দলের অংশ হতে পারছেন না এই অলরাউন্ডার।
সাইফউদ্দিনের চোটের বিষয়টি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে (বিওএ) জানিয়েছে বিসিবি। তার জায়গায় বিকল্প একজন ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে পরিবর্তন কার্যকর করতে গেমস কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন হবে।