
চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান।
রোববার (২০ সেপ্টেম্বর) রাতে জাপান থেকে দেশে ফেরেন তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
সফরকালে জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন সেনাপ্রধান। একই সঙ্গে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থেকে এশিয়ান গেমসে অংশ নেওয়া বাংলাদেশের খেলোয়াড়দের খেলা দেখেন এবং তাদের উৎসাহ দেন।
সফরের অংশ হিসেবে অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিওএ) সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন জেনারেল ওয়াকার-উজ-জামান। এছাড়া বিভিন্ন দেশের জাতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতিদের সঙ্গে অনুষ্ঠিত আলোচনা সভাতেও তিনি অংশ নেন।
আইএসপিআর বলছে, এসব উচ্চপর্যায়ের মতবিনিময়ের মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বৈশ্বিক ক্রীড়া অঙ্গনে দেশের অংশগ্রহণ আরও জোরদার হওয়ার সুযোগ তৈরি হবে।