
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে অস্ট্রেলিয়া। সিরিজে সমতা ফেরাতে শনিবার (২২ আগস্ট) ম্যাকাইয়ে শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্টে জয়ের কোনো বিকল্প নেই স্বাগতিকদের সামনে। ম্যাচের আগে নিজেদের প্রথম টেস্টের ব্যর্থতা স্বীকারের পাশাপাশি বাংলাদেশের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।
শুক্রবার (২১ আগস্ট) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ডারউইনে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার ইতিহাসের সবচেয়ে বড় হার কি না—এমন প্রশ্নের জবাবে কামিন্স বলেন, ‘আসলে জানি না। দর্শকরা বিবেচনা করবে। ভারত বা ইংল্যান্ড সিরিজ হলে সবাই ভাবে, এবার সব ম্যাচ জিততেই হবে। অবশ্যই আশা তো করিই সব ম্যাচ জেতার। ঘরের মাঠে টেস্ট খেললে আমাদের চেষ্টা থাকে যত বেশি জেতা যায়।’
বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করে অজি অধিনায়ক বলেন, ‘আমরা আগের ম্যাচে নিজেদের সেরা ক্রিকেটের ধারেকাছেও ছিলাম না। বাংলাদেশ অনেক ভালো ক্রিকেট খেলেছে। তারা বেশ ভালো ক্রিকেট দল। অবশ্যই আদর্শ (ফল) নয়, তবে চেষ্টা করবো বেশি ম্যাচ জেতার।’
ম্যাকাইয়ে দুই দলের পারফরম্যান্সে মাঠের কন্ডিশনও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন কামিন্স। বিশেষ করে এই ভেন্যুতে খুব বেশি ম্যাচ না হওয়ায় পিচ সম্পর্কে অনিশ্চয়তা রয়েছে। তিনি বলেন, ‘কিছুটা প্রভাব রাখবে। কিছু ফুটেজ দেখেছি অস্ট্রেলিয়া এ দল এবং ভারত এ দলের। এখানে লম্বা সময় ব্যাট করে যেতে পারলে ব্যাট করা যায়। যদিও সেটা কয়েক বছর আগের। পিচ এখন ভিন্ন হতে পারে।’