
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে আর দেশে ফিরতে পারেননি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। দীর্ঘদিন ধরেই তিনি জাতীয় দলের বাইরে রয়েছেন। দেশের মাটিতে জাতীয় দলের হয়ে বিদায়ী সিরিজ খেলার ইচ্ছার কথাও জানিয়েছিলেন তিনি। তবে সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ডের পর সেই সম্ভাবনা আরও অনিশ্চিত হয়ে পড়েছে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার কোনো সম্ভাবনা তিনি দেখছেন না। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সাকিব স্বৈরাচারদের মঞ্চে উঠে তাদের সঙ্গে দাঁড়িয়েছেন। তাই তার দেশে ফিরে জাতীয় দলের হয়ে খেলার কোনো সুযোগ নেই।’
গত ৫ আগস্ট ভারতের রাজধানী নয়াদিল্লিতে পলাতক ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। ওই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সাকিব আল হাসানও।
এ প্রসঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘একজন ক্রিকেটার হিসেবে যে অবস্থানে তিনি ছিলেন, সেখান থেকে সরে গিয়ে যখন রাজনৈতিক পরিচয় বেছে নিয়েছেন, তখন আমার মনে হয় না তার দেশে ফিরে আসার কোনো সুযোগ আছে। দেশে ফিরলে তাকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।’
আমিনুল হক বলেন, এতদিন পর্যন্ত সাকিবকে মূলত একজন ক্রিকেটার হিসেবেই বিবেচনা করা হয়েছিল। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের পর সেই অবস্থান পরিবর্তিত হয়েছে।
ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে আমি এবং অন্য সবাই তার (সাকিব) বিষয়টি নিয়ে অনেক সহনশীল ছিলাম। কিন্তু এখন তার ফেরার জন্য কোনো ব্যবস্থা করার সুযোগ আছে বলে মনে করি না। তার দেশে ফিরে খেলার কোনো সুযোগ নেই।’