
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হার ফুটবলপ্রেমীদের হতাশ করলেও দুই পরাশক্তির আরেকটি সম্ভাব্য লড়াই নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নদের মর্যাদার আসর ‘ফিনালিসিমা’ আয়োজনের বিষয়ে আবারও জোরালো আলোচনা শুরু হয়েছে। আন্তর্জাতিক কয়েকটি প্রতিবেদনে সম্ভাব্য সূচির তথ্য প্রকাশ পাওয়ার পর সমর্থকদের আগ্রহও বেড়েছে।
ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ওয়ার্ল্ড সকার টকের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ বিশ্বকাপের আগে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফিনালিসিমা আয়োজনের পরিকল্পনা থাকলেও নানা কারণে সেটি বাস্তবায়ন হয়নি। তবে বিশ্বকাপ ফাইনালে স্পেনের শিরোপা জয়ের পর ম্যাচটি পুনরায় আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে।
ফিনালিসিমা হচ্ছে উয়েফা ইউরো চ্যাম্পিয়ন ও কনমেবল কোপা আমেরিকা চ্যাম্পিয়নের মধ্যকার আন্তঃমহাদেশীয় লড়াই। অতীতে ভিন্ন নামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হলেও ২০২২ সালে নতুন পরিচয়ে এর প্রত্যাবর্তন ঘটে। সেই আসরে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা।
এরপরের আসরে মুখোমুখি হওয়ার কথা ছিল ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। তবে নির্ধারিত সময়ে ম্যাচটি আয়োজন সম্ভব হয়নি। এরই মধ্যে দুই দল ২০২৬ বিশ্বকাপের ফাইনালে একে অপরের মুখোমুখি হয়। অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে হারিয়ে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা নিশ্চিত করে স্পেন।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের মার্চে কাতারের লুসাইল স্টেডিয়ামে ফিনালিসিমা আয়োজনের কথা ছিল। ২০২২ বিশ্বকাপের ঐতিহাসিক ফাইনালও অনুষ্ঠিত হয়েছিল এই স্টেডিয়ামে।
তবে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে সেই পরিকল্পনা বাতিল হয়ে যায়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, আঞ্চলিক ভূরাজনৈতিক উত্তেজনার কারণে দলগুলোর সফর এবং আয়োজনসংক্রান্ত নানা জটিলতা তৈরি হওয়ায় বিকল্প পরিকল্পনায় যেতে বাধ্য হয় সংশ্লিষ্টরা।
পরবর্তীতে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামকে সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনা করা হয়। এছাড়া স্পেন ও আর্জেন্টিনায় হোম-অ্যাওয়ে ভিত্তিতে দুটি ম্যাচ আয়োজনের প্রস্তাবও আসে। তবে কোনো পরিকল্পনাই সংশ্লিষ্ট সব পক্ষের সম্মতি পায়নি। ফলে ম্যাচটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকে।
এদিকে ইএসপিএন আর্জেন্টিনার সাংবাদিক মার্টিন আরেভালো দাবি করেছেন, বহুল প্রতীক্ষিত এই ম্যাচ চলতি বছরের নভেম্বরেই অনুষ্ঠিত হতে পারে।
তার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের নভেম্বরে কাতারের লুসাইল স্টেডিয়ামে ফিনালিসিমা আয়োজনের পরিকল্পনা রয়েছে। এমনকি এই ম্যাচ আয়োজনের স্বত্ব কাতার সরকার ইতোমধ্যে কিনে নিয়েছে বলেও দাবি করা হয়েছে।
যদিও উয়েফা ও কনমেবল এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সূচি প্রকাশ করেনি, তবু সম্ভাব্য এই আয়োজন ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সূচি চূড়ান্ত হলে ইউরো ও কোপা আমেরিকার চ্যাম্পিয়নদের বহুল প্রতীক্ষিত লড়াই অবশেষে মাঠে গড়াবে।