
বিশ্বকাপের নকআউট পর্বে আজ মাঠে নামছে ইউরোপের দুই শক্তিশালী দল পর্তুগাল ও ক্রোয়েশিয়া। শেষ ষোলোর এই ম্যাচটি শুধু দুই দলের শ্রেষ্ঠত্বের লড়াই নয়, বরং বিশ্ব ফুটবলের দুই কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচের জন্যও হতে পারে বিশ্বকাপ মঞ্চে টিকে থাকার লড়াই। পরাজিত দলের সঙ্গে হয়তো শেষ হয়ে যেতে পারে তাদের বিশ্বকাপ অধ্যায়ও।
তবে পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেস চান না, এই ম্যাচ দিয়েই শেষ হোক তার অধিনায়ক রোনালদোর বিশ্বকাপ যাত্রা। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা আশা করি, এটি রোনালদোর শেষ ম্যাচ বা ‘লাস্ট ড্যান্স’ হবে না।”
গ্রুপ পর্বে উজবেকিস্তানকে ৫-০ গোলে উড়িয়ে দিলেও কঙ্গো ও কলম্বিয়ার বিপক্ষে ড্র করে গ্রুপ ‘কে’র রানার্সআপ হিসেবে নকআউট নিশ্চিত করে পর্তুগাল। বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টায় টরন্টোতে অনুষ্ঠিতব্য ম্যাচে বিশ্বকাপে নিজের ২৬তম ম্যাচ খেলতে নামবেন রোনালদো।
তবে নকআউট পর্বের আগের আট ম্যাচে গোল না পাওয়ার হতাশা কাটিয়ে ওঠার লক্ষ্য থাকবে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকার সামনে। অন্যদিকে ৪০ বছর বয়সেও ক্রোয়েশিয়ার মাঝমাঠের প্রধান ভরসা হয়ে আছেন রিয়াল মাদ্রিদের সাবেক তারকা লুকা মদ্রিচ।
দুই কিংবদন্তিকে নিয়ে মার্তিনেস বলেন, “আমরা এমন দুজন খেলোয়াড়কে নিয়ে কথা বলছি, যারা সাধারণ আলোচনার গণ্ডির অনেক বাইরে। ফুটবলে তাদের দীর্ঘ ক্যারিয়ার সত্যিই অসাধারণ। বয়স নিয়ে যারা প্রশ্ন তোলেন, তাদের জন্য আমার উত্তর—বয়স কেবল একটি সংখ্যা। মাঠে তাদের পারফরম্যান্স এবং ড্রেসিংরুমে তাদের প্রভাবই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে পর্তুগাল। দলটির প্রতি পূর্ণ আস্থা রয়েছে কোচ মার্তিনেসের। তবে একটি বিশ্বকাপ আসরে টানা চার বা তার বেশি ম্যাচে অপরাজিত থাকার কীর্তি পর্তুগাল এর আগে মাত্র দুইবার গড়েছে—১৯৬৬ সালে চার ম্যাচ এবং ২০০৬ সালে পাঁচ ম্যাচ।
মার্তিনেসের বিশ্বাস, গ্রুপ পর্বের কঠিন পরীক্ষাগুলো তার দলকে আরও পরিণত করেছে। বিশেষ করে শক্তিশালী কলম্বিয়ার বিপক্ষে ড্রয়ের ম্যাচটি দলকে আত্মবিশ্বাস জুগিয়েছে। তার ভাষায়, নকআউট পর্ব থেকেই শুরু হচ্ছে পর্তুগালের আসল বিশ্বকাপ অভিযান।