
ব্রাজিল জাতীয় দলের তারকা উইঙ্গার রাফিনিয়াকে ঘিরে আর্থিক অনিয়মের এক বিস্ময়কর অভিযোগ সামনে এসেছে। ব্রাজিলিয়ান সাংবাদিক লিও দিয়াস দাবি করেছেন, দীর্ঘদিন ধরে নিজের বাবার আর্থিক প্রতারণার শিকার হয়েছেন এই ফুটবলার। এমনকি কোটি কোটি টাকা উপার্জন করেও তিনি বর্তমানে প্রায় দেউলিয়া হওয়ার পরিস্থিতিতে পৌঁছেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
লিও দিয়াসের প্রকাশিত তথ্য অনুযায়ী, পেশাদার ফুটবল ক্যারিয়ারের শুরু থেকেই রাফিনিয়ার খেলোয়াড়ি স্বত্বের ৮০ শতাংশ গোপনে নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন তার বাবা। অভিযোগ রয়েছে, বিভিন্ন ক্লাব থেকে পাওয়া অর্থ এবং অন্যান্য উৎস থেকে অর্জিত আয়ের বড় একটি অংশও তিনি নিজের কাছে রেখে দেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এতদিন পুরো বিষয়টি সম্পর্কে রাফিনিয়ার কোনো ধারণাই ছিল না।
সম্প্রতি স্ত্রীকে নিয়ে একটি বিলাসবহুল বাড়ি কেনার পরিকল্পনা করতে গিয়ে ঘটনাটি সামনে আসে। ব্যাংক হিসাব পর্যালোচনা করে তিনি প্রত্যাশিত অর্থ না পেয়ে বিস্মিত হন। পরে আর্থিক লেনদেনের নথিপত্র যাচাই করতে গিয়ে বছরের পর বছর ধরে চলা কথিত এই অনিয়ম ও প্রতারণার অভিযোগের বিষয়টি তার নজরে আসে।
প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনার জেরে রাফিনিয়া এখন বড় ধরনের আইনি ও আর্থিক জটিলতার মুখোমুখি হয়েছেন। নিজের উপার্জনের উল্লেখযোগ্য অংশ কোথায় গেছে, তা অনুসন্ধান করতে আইনজীবীদের সহায়তায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপও নিচ্ছেন বলে জানা গেছে।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত রাফিনিয়া কিংবা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। ফলে ব্রাজিলিয়ান সাংবাদিক লিও দিয়াসের উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।