
স্পেনের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে কেপ ভার্দেকে পয়েন্ট এনে দেওয়া গোলরক্ষক ভোজিনিয়ার ব্যক্তিগত কষ্টের গল্পে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের গোল্ডস্যান্ডস গ্রুপ। ভিসা জটিলতা ও আর্থিক সংকটের কারণে ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্তে মাকে পাশে না পাওয়ার আক্ষেপে কেঁদে পড়া ভোজিনিয়ার পাশে থাকার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি চ্যানেল ২৪ আয়োজিত ‘গোল্ডস্যান্ডস প্রবাসী বিশ্বকাপ’ অনুষ্ঠানে এ ঘোষণা দেন গোল্ডস্যান্ডস গ্রুপের সিইও শাহাদাৎ হোসেন বাহার। তিনি বলেন, ‘ভোজিনিয়া এখন জাতীয় বীর। পৃথিবীর মধ্যে একজন বীর। তার একটি ঘটনা আমাকে সাংঘাতিক পীড়া দিয়েছে। তার বিজয়ের হাসির কথা ছিল। কিন্তু সে কান্না করেছে। কাকে নিয়ে কান্না করেছে? মা-কে নিয়ে। যেটা আমাদের সবচেয়ে আবেগের জায়গা। ওই পরিস্থিতির জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি নিজেও একজন মা ভক্ত।’
তিনি আরও বলেন, ভোজিনিয়া মায়ের স্বপ্ন পূরণ করতে পারেননি, যা তার জন্য কষ্টের বিষয়। ফুটবল শুধু গোল বা ট্রফির খেলা নয়, এর সঙ্গে গভীর আবেগ জড়িয়ে থাকে।
এ সময় ভোজিনিয়ার সঙ্গে যোগাযোগের জন্য ফিফা ও বাফুফের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
স্পেনের বিপক্ষে ম্যাচ শেষে ভোজিনিয়া জানান, ম্যাচ শেষে তিনি কেঁদেছেন। তিনি বলেন, ‘ছোটবেলা থেকে দাদা-দাদির কাছেই বড় হয়েছি, কিন্তু তারা আজ আর বেঁচে নেই। কয়েক বছর আগে দুজনই মারা গেছেন। আর ভিসাজনিত সমস্যার কারণে মা-ও এখানে আসতে পারেননি।’
তিনি আরও জানান, মায়ের ভিসার জন্য যে অর্থের প্রয়োজন ছিল, সেটাও তারা জোগাড় করতে পারেননি।