
প্রথমার্ধে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে কানাডা। বদলি হিসেবে মাঠে নেমে মাত্র দুই মিনিটের মধ্যে গোল করে দলকে সমতায় ফেরান কাইল ল্যারিন। তার গোলে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ১-১ ড্র করে বিশ্বকাপ ইতিহাসে প্রথম পয়েন্ট অর্জন করেছে কানাডা।
শুক্রবার রাতে টরন্টোতে অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের ম্যাচে শুরুতে এগিয়ে যায় বসনিয়া। ২১তম মিনিটে কর্নার থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে কাছ থেকে হেডে গোল করেন ইয়োভো লুকিচ।
এর আগে ১৯৮৬ ও ২০২২ বিশ্বকাপে অংশ নিলেও ছয় ম্যাচে কোনো পয়েন্ট পায়নি কানাডা। এবার সেই অপেক্ষার অবসান হলো। তবে ম্যাচের পারফরম্যান্স বিবেচনায় পূর্ণ তিন পয়েন্ট না পাওয়ার আক্ষেপও থাকতে পারে স্বাগতিকদের।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কানাডা। কিন্তু গোলের দেখা পাচ্ছিল না তারা। ১৭তম মিনিটে জোনাথন ডেভিড সহজ একটি সুযোগ নষ্ট করেন। পরে টানি ওলুওয়াসেইও লক্ষ্যভ্রষ্ট শট নেন।
বিরতির পর আরও আক্রমণ বাড়ায় কানাডা। ৫৩তম মিনিটে রিচি লারিয়ার শট গোললাইন থেকে অবিশ্বাস্যভাবে ফিরিয়ে দেন বসনিয়ার ডিফেন্ডার সিড কোলাসিনাচ।
অবশেষে ৭৮তম মিনিটে সমতায় ফেরে কানাডা। ওলুওয়াসেইয়ের বদলি হিসেবে মাঠে নামার মাত্র ১২১ সেকেন্ড পর প্রমিস ডেভিডের পাস থেকে ডি-বক্সের মুখে বল নিয়ন্ত্রণ করে ঘুরে দাঁড়িয়ে শট নেন কাইল ল্যারিন। বল প্রতিপক্ষ ডিফেন্ডার নিকোলা ক্যাতিচের গায়ে লেগে দিক বদলে জালে জড়িয়ে যায়।
যোগ করা সময়ে জয়সূচক গোলের সুযোগও পেয়েছিলেন ল্যারিন। তবে তার শট দারুণভাবে রুখে দেন বসনিয়ার ডিফেন্ডার তারিক মুহারেমোভিচ।
এই ড্রয়ে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো পয়েন্টের স্বাদ পেল কানাডা, যা দেশটির ফুটবল ইতিহাসে নতুন এক মাইলফলক হয়ে থাকবে।