
কাতারে ২০২২ সালের বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন ছিল। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার নিশ্চিত হওয়া গেল—আসন্ন ফিফা বিশ্বকাপে আর্জেন্টাইন জার্সিতে মাঠ মাতাবেন এই মহাতারকা। আর্জেন্টিনা জাতীয় দলের সহকারী কোচ রবের্তো আয়ালা মেসির বিশ্বকাপে খেলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।
আর্জেন্টাইন গণমাধ্যম 'মুন্দো আলবিসেলেস্তে'-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
আর্জেন্টিনা জাতীয় দলের কোচিং স্টাফের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য রবের্তো আয়ালা সম্প্রতি 'রেডিও লা রেড'-কে দেওয়া একটি একান্ত সাক্ষাৎকারে বিশ্বকাপের দল ও খেলোয়াড় তালিকা নিয়ে কথা বলেন। সেখানে লিওনেল মেসির অন্তর্ভুক্তি নিয়ে তিনি স্পষ্ট করে বলেন:
"মেসি ইতোমধ্যেই নিশ্চিত। সে-ই প্রথম খেলোয়াড়, যে আমাদের বিশ্বকাপ স্কোয়াডে যাচ্ছে।"
মেসির জায়গা নিশ্চিত হলেও বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড নির্বাচন নিয়ে এখনো বেশ সতর্ক আর্জেন্টাইন কোচিং স্টাফ। দল ঘোষণা প্রসঙ্গে আয়ালা বলেন, "আমরা এমন একটি কলম দিয়ে তালিকা তৈরি করছি, যেটি আবার মুছেও ফেলা যায় (পরিবর্তন করা যায়)। চূড়ান্ত তালিকা প্রকাশের আগে আমাদের শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে।"
উল্লেখ্য, বিশ্বের অন্যান্য পরাশক্তি যেমন—ব্রাজিল ও ফ্রান্স ইতিমধ্যেই তাদের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে দিলেও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখনো আনুষ্ঠানিক চূড়ান্ত ঘোষণা দেয়নি। তবে এর আগে আর্জেন্টাইন প্রধান কোচ লিওনেল স্কালোনি তাঁর প্রাথমিক স্কোয়াড প্রকাশ করেছিলেন, যেখানে এখন সহকারী কোচের মন্তব্যের পর অধিনায়ক মেসির খেলা শতভাগ নিশ্চিত হলো।