
সিলেটে টানা বৃষ্টির পূর্বাভাস ঘিরে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্টের ভেন্যু পরিবর্তনের আলোচনা শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে নির্ধারিত সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের বদলে ম্যাচটি মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে আয়োজন করা হতে পারে।
মঙ্গলবার (১২ মে) শেরেবাংলা স্টেডিয়াম থেকে একটি সূত্রের মাধ্যমে জানা যায়, সিলেটে কয়েকদিন ধরেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় ম্যাচ আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে সন্ধ্যা ও রাতে বৃষ্টির আশঙ্কা বেশি থাকলেও সিলেটের ড্রেনেজ ব্যবস্থা মিরপুরের মতো উন্নত না হওয়ায় খেলার সূচি ব্যাহত হওয়ার ঝুঁকি বিবেচনায় নিচ্ছে বিসিবি।
জানা গেছে, এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সম্প্রচার-সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা চলছে। তবে শেষ মুহূর্তে ভেন্যু বদল হলে অল্প সময়ের মধ্যে মিরপুরে টেস্ট উপযোগী পিচ প্রস্তুত করা সম্ভব হবে কি না, সেটিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
সব দিক বিবেচনায় নিয়ে মঙ্গলবারের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বর্তমান সূচি অনুযায়ী, আগামী শুক্রবার (১৬ মে) সিলেটে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার কথা রয়েছে।