
বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৫-৪ গোলের নাটকীয় জয়ে চ্যাম্পিয়ন্স লিগে একাধিক রেকর্ড ভেঙেছে পিএসজি। আর এই ম্যাচটিকেই নিজের কোচিং ক্যারিয়ারের সেরা বলে মন্তব্য করেছেন লুইস এনরিকে।
মঙ্গলবার প্যারিসে অনুষ্ঠিত এই সেমিফাইনালে গোলের বন্যা বইয়ে যায়, যা ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শীর্ষ প্রতিযোগিতায় নকআউট পর্বে দ্বিতীয় সর্বোচ্চ গোলের ম্যাচ হিসেবে রেকর্ড বইয়ে জায়গা করে নেয়।
বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের কোচ হিসেবে আগেও বড় সাফল্য পেয়েছেন এনরিকে। তবে বায়ার্নের বিপক্ষে এই ম্যাচটি তার কাছে আলাদা জায়গা করে নিয়েছে।
তিনি বলেন, ‘এই ধরনের তীব্রতাপূর্ণ ম্যাচ আমি আগে দেখিনি। এখন আর ভুলত্রুটি খোঁজার সময় নয়, আমাদের সবাইকে অভিনন্দন জানাতে হবে।’
তিনি আরও বলেন, ‘আজ আমরা জেতার, ড্র করার এবং হারার দাবিদার ছিলাম। এটা অসাধারণ ম্যাচ। নিঃসন্দেহে একজন কোচ হিসেবে আমার সেরা ম্যাচের অভিজ্ঞতা হয়েছে।’
ফাইনালে ওঠার আগে পরের লেগ নিয়ে হিসাবও কষে ফেলেছেন এনরিকে। তার ভাষায়, ‘আমি স্টাফদের জিজ্ঞাসা করেছি, এই ম্যাচ জিততে আমাদের কত গোল দরকার। তারা বলেছে অন্তত তিনটি। বায়ার্ন তাদের মাঠে আরও শক্তিশালী হবে, তবে আমরা একই মানসিকতা ধরে রাখার চেষ্টা করব।’