
ক্রিকেটে মনোযোগ ধরে রেখেও রাজনীতির দরজা বন্ধ করছেন না—দলীয় কার্যক্রম শুরু হলে আবার সক্রিয় হওয়ার ইঙ্গিত দিলেন সাকিব আল হাসান।
সাকিব আল হাসান একসময় ওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে চব্বিশের গণঅভ্যুত্থানের পর দলটির কার্যক্রম বন্ধ রয়েছে। এই প্রেক্ষাপটে, কার্যক্রম পুনরায় চালু হলে রাজনীতিতে ফিরবেন বলে জানিয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
দেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, “যেহেতু আমাদের দলের (আওয়ামী লীগ) কার্যক্রম নাই সেহেতু চেষ্টা করছি ক্রিকেটটা খেলে যাওয়ার। দলের যখন কার্যক্রম যখন শুরু হবে বা আমরা করতে পারবো তখন হয়তো আবার চেষ্টা করবো রাজনীতিটা করার।”
ক্রিকেট ও রাজনীতির ভারসাম্য নিয়ে তিনি বলেন, “রাজনীতি তো ধরেন আমৃত্যু করা যায়, রাজনীতিতে অনেক সময় আছে। যেটার সময় নেই সেটা হলো ক্রিকেট। এটা আগে ঠিক করার চেষ্টা করছি। আর রাজনীতি যেটা বলছেন, আমি মনে করি রাজনীতি একটি বড় প্ল্যাটফর্ম যেখান থেকে বড় ধরণের পরিবর্তন আনা সম্ভব। যদি আমি মানুষের জন্য কিছু করতে পারি, তবে সেটা আমার ভালো লাগবে এবং সেই আশা আমার এখনো আছে। সব সময় থাকবে।”
সম্প্রতি ৩৯ বছরে পা দেওয়া এই অলরাউন্ডার জানান, খেলাধুলার প্রতি তার আগ্রহ এখনো অটুট। তিনি বলেন, “খেলার প্রতি আমার আগ্রহ এখনো আগের মতোই অটুট আছে, তাই চেষ্টা চালিয়ে যাচ্ছি। যেদিন দেখবো আর আগ্রহ নেই, সেদিন নিজ থেকেই সরে দাঁড়াবো।”
সূত্র: দ্য ডেইলি স্টার