
জ্বালানি পণ্যের মূল্যবৃদ্ধি, সার সংকট, তৈরি পোশাকশিল্পে অস্থিরতা ও গঙ্গার পানিবণ্টন চুক্তিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে জাতীয় সংসদে আলোচনার উদ্যোগ নিয়েছে বিরোধী দল। এসব বিষয়ে আলোচনার জন্য সংসদের কার্যপ্রণালি বিধির ৬৮ ও ১৪৭ ধারায় নোটিস ও প্রস্তাব জমা দিয়েছেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা।
সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনে এসব নোটিস জমা দেওয়া হয়।
এলপিজি ও অন্যান্য জ্বালানি পণ্যের দাম বাড়ানোর ক্ষেত্রে গণশুনানি ও আইনানুগ প্রক্রিয়া অনুসরণ না করার অভিযোগ তুলে সংসদে আলোচনার দাবি জানিয়েছে বিরোধী দল।
নোটিসে বলা হয়েছে, দফায় দফায় সিলিন্ডার গ্যাসের দাম বাড়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো আর্থিক চাপে পড়ছে। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি এবং বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের অভাবে ভোক্তাদের দুর্ভোগ বাড়ছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আইন ও সংশ্লিষ্ট বিধিবিধান অনুসরণ করে গণশুনানির মাধ্যমে জ্বালানি পণ্যের দাম নির্ধারণ এবং বাজারে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছে বিরোধী দল।
কৃষি খাতের সংকট নিয়েও সংসদে আলোচনার দাবি উঠেছে। দেশের বিভিন্ন এলাকায় কৃষকদের সার পেতে ভোগান্তি, কালোবাজারে অতিরিক্ত দামে সার বিক্রি, বিতরণ ব্যবস্থায় অনিয়ম এবং সার ডিলার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগ তুলে কার্যপ্রণালি বিধির ৬৮ ধারায় নোটিস দিয়েছেন জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ। কৃষকদের স্বার্থে সার সরবরাহ ও বিতরণব্যবস্থা স্বাভাবিক করতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ চেয়েছেন তিনি।
অন্যদিকে, তৈরি পোশাকশিল্পের সংকট ও শ্রমিক অসন্তোষ নিয়েও সংসদে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র ও পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান এ বিষয়ে সাধারণ আলোচনার প্রস্তাব দিয়েছেন। পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ, জ্বালানি সংকট ও খাতটির কাঠামোগত সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের দাবি জানিয়েছেন তিনি।
গঙ্গার পানিবণ্টন চুক্তির ভবিষ্যৎ নিয়েও সংসদে আলোচনা চেয়েছে বিরোধী দল। আগামী ১২ ডিসেম্বর ভারতের সঙ্গে বাংলাদেশের গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। এ পরিস্থিতিতে দেশের পানির নিরাপত্তা ও জাতীয় স্বার্থ সুরক্ষায় সরকারের প্রস্তুতি এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য কার্যপ্রণালি বিধির ১৪৭ ধারায় নোটিস দিয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেম আরমান।
এ ছাড়া মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়েও সংসদে আলোচনার উদ্যোগ রয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি ও অব্যবস্থাপনা এবং রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনার প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছেন বিরোধী দলের মুখপাত্র নাজিবুর রহমান।
এসব প্রস্তাবের পাশাপাশি জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের কার্যসূচিতে ছিল সভাপতিমণ্ডলী মনোনয়ন, শোকপ্রস্তাব, সংসদ সদস্যদের প্রশ্নোত্তর এবং আইন প্রণয়ন কার্যক্রম। অধিবেশনে তিনটি অধ্যাদেশ উপস্থাপন এবং বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬ উত্থাপনের বিষয়টিও কার্যসূচিতে অন্তর্ভুক্ত ছিল।