
গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে রাজপথে আন্দোলনের কর্মসূচির পাশাপাশি জাতীয় সংসদে এসে সুনির্দিষ্ট ও বিকল্প পরিকল্পনা দেওয়ার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ঢাকার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা’র নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘আপনারা গ্যাস-বিদ্যুতের জন্য লংমার্চ করবেন বা নানা কর্মসূচি দেবেন—ঠিক আছে। কিন্তু পাশাপাশি একটি বিকল্প প্রস্তাবও দিন যে, আমরা কীভাবে এই গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করব; কোথা থেকে ও কীভাবে তা পাব।’
দেশের বর্তমান সংকট মোকাবিলায় বিরোধী দলের কাছ থেকে কার্যকর ও সুস্পষ্ট পরিকল্পনা প্রত্যাশা করেন তিনি। রিজভী বলেন, সংসদে কথা বলার যথেষ্ট সুযোগ রয়েছে। সরকারের সমালোচনা করা কিংবা সংসদের বাইরে রাজনৈতিক কর্মসূচি পালন গণতান্ত্রিক অধিকার হলেও, সংকটের সময়ে গঠনমূলক পরামর্শ দেওয়াও গুরুত্বপূর্ণ।
রাজপথে আন্দোলনের হুমকি দিয়ে পরিকল্পিতভাবে অচলাবস্থা সৃষ্টি করা সমীচীন নয় বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, সংকট কীভাবে মোকাবিলা করা যায়, বিরোধী দলকে সে পথও দেখাতে হবে। অতীতের ভুল নীতির পুনরাবৃত্তি হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণ ব্যাখ্যা করে রিজভী বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনে বাধা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এর প্রভাবে প্রয়োজনীয় জ্বালানি আমদানিতে সাময়িক সমস্যার সৃষ্টি হচ্ছে। এ সংকট সরকারের একক কোনো কারণে তৈরি হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
জুলাই আন্দোলনে সাংস্কৃতিক অঙ্গনের ভূমিকার কথাও স্মরণ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, গান ও নৃত্যের মতো পরিবেশনাগুলো আন্দোলনকারীদের মধ্যে উদ্দীপনা ও সাহস সঞ্চারে ভূমিকা রেখেছিল।
বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি ফারহানা বেবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, কবি রেজাউদ্দিন স্ট্যালিন, অভিনেতা হেলাল খান ও জাকির হোসেন রুকনসহ অনেকে।
আলোচনা পর্ব শেষে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ নেন।