
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ডিসেম্বরে আওয়ামী লীগ দেশে ফিরবে—এমন কোনো হাওয়া-বাতাস বাংলাদেশে নেই। আওয়ামী লীগ ফেরার আলোচনা শুধু সামাজিক যোগাযোগমাধ্যম ও ভারতে দেখা যাচ্ছে।
শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার কোনো হাওয়া-বাতাস দুই জায়গায় দেখা যায়—একটা সামাজিক যোগাযোগমাধ্যমে, আরেকটা হয়তো ভারতে। বাংলাদেশে আওয়ামী লীগ ফেরার কোনো বাতাস আসার সুযোগ নেই।’
তিনি আরও বলেন, ‘স্বাধীন-সার্বভৌম ভূখণ্ডে গণহত্যাকারী, খুনি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কিংবা সাজাপ্রাপ্ত কোনো আসামি ফিরতে পারবে না।’
দেশের জ্বালানি সংকট প্রসঙ্গে সারজিস আলম বলেন, অর্থমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী যদি বলেন যে বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তাহলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রীদের পদত্যাগ করা উচিত। শুধু একজন মন্ত্রীকে দায়ী করে কোনো লাভ নেই।
তিনি বলেন, ‘এই দায়ভার প্রধানমন্ত্রী তারেক রহমান কোনোভাবেই এড়াতে পারেন না। তিনি যদি দেখেন কোনো মন্ত্রী সঠিকভাবে তার মন্ত্রণালয় পরিচালনা করতে পারছেন না, তাহলে অবশ্যই তাকে অপসারণ করতে হবে। তা না করে তাকে দায়িত্বে রেখে ব্যর্থতার নাটক দেখতে থাকলে এই দায়ভার এড়ানো যাবে না।’
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী যেন তার মন্ত্রণালয়ে একটু নজর দেন। তিনি বর্তমানে প্রধানমন্ত্রীর প্রক্সি হিসেবে কাজ করছেন। কিন্তু এটা করতে গিয়ে রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি নজর দিতে পারছেন না।’
সারজিস আলম বলেন, ‘আমরা তাকে আহ্বান করব, তিনি যেন তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে নজর দেন।’
এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সাংগঠনিক সমন্বয় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার ও আশরাফ উদ্দিন মাহদি। এ সময় কেন্দ্রীয় ছাত্রশক্তির আহ্বায়ক বাকের মজুমদারসহ দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
