
জামায়াতে ইসলামী কখনোই গোপন বা গুপ্ত সংগঠন হিসেবে পরিচালিত হয়নি বলে দাবি করেছেন দলটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে তিনি সংবিধানের মৌলিক কাঠামো সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
শনিবার (১ আগস্ট) বিকেলে রাজধানীর মহাখালীর কলেরা হাসপাতালের সামনে ঢাকা মহানগর উত্তর জামায়াত আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
সমাবেশে তিনি বলেন, জামায়াত কখনো গুপ্ত সংগঠন ছিল না। বিভিন্ন আন্দোলনে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের সম্পৃক্ততার অভিযোগ যারা তোলেন, সে বিষয়ে চূড়ান্ত মূল্যায়ন জনগণই করবেন বলে মন্তব্য করেন তিনি।
গোলাম পরওয়ার অভিযোগ করেন, প্রধানমন্ত্রীকে বিভ্রান্তিকর পরামর্শ দিয়ে বিএনপিকে ফ্যাসিবাদের পথে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তার মতে, দেশে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সংবিধানের মৌলিক কাঠামোর সংস্কার বাস্তবায়ন অপরিহার্য।
গণভোটের রায় কার্যকর করা এবং জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার অভিযোগে অভিযুক্তদের দ্রুত বিচারের দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সুবিধাভোগী হলেও বিএনপি এখন সেই আন্দোলনের চেতনা থেকে সরে এসেছে। নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও বর্তমানে তারা সেই অঙ্গীকার আর ধরে রাখেনি বলেও দাবি করেন তিনি।
জামায়াতের এই নেতা আরও বলেন, জুলাই সনদে অন্তর্ভুক্ত ৮৪টি সংস্কার প্রস্তাবে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল স্বাক্ষর করেছিল। তবে এখন তাদের অনেকেই সেই অঙ্গীকার থেকে সরে এসেছে বলে অভিযোগ করেন তিনি।
অধ্যাপক গোলাম পরওয়ারের মতে, শুধু বিদ্যমান আইনের আংশিক সংশোধন যথেষ্ট নয়; গণভোটের রায়ের আলোকে সংবিধানের মৌলিক কাঠামো পুনর্গঠন করা প্রয়োজন। তিনি বলেন, এমন সংস্কার বাস্তবায়িত হলে রাষ্ট্রক্ষমতা একটি মাত্র সরকারের হাতে অতিরিক্তভাবে কেন্দ্রীভূত হওয়ার আশঙ্কা অনেকটাই কমে আসবে।