
‘সন্ত্রাস প্রতিরোধ দিবস’ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখা। ‘লীগ ধর ম্যারাথন ২০২৬’ নামে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন সংগঠনটির নেতাকর্মীরা।
শুক্রবার (১৭ জুলাই) সকাল ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণের মাধ্যমে ম্যারাথনটি অনুষ্ঠিত হয়। এতে ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে সাদিক কায়েম বলেন, ‘২০২৪ সালের আজকের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল এবং প্রতিটি প্রান্তর ছাত্রলীগ মুক্ত হয় এবং সেদিনই মূলত বাংলাদেশ স্বাধীন হয়। এই দিনটিকে স্মরণ করার জন্য ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আজ লীগ ধর ম্যারাথন আয়োজন করেছে।’
তিনি আরও বলেন, ‘আমরা এই আয়োজনের মাধ্যমে বার্তা দিতে চাই, ক্যাম্পাসে লীগের যে ফ্যাসিবাদী রাজনীতি ছিল, ক্ষমতার রাজনীতি ছিল, গণরুম বা গেস্টরুমের রাজনীতি ছিল বা শিক্ষার্থীদের দাসের মতো ব্যবহার করে যে অপরাজনীতি ছিল, তা আর কখনো ফিরে আসবে না।’
ডাকসুর ভিপি আরও বলেন, ‘বাংলাদেশে খুনি হাসিনা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ এবং এই ফ্যাসিবাদি শক্তির রাজনীতি আর কখনো ফিরে আসতে পারবে না।’
বক্তব্যের শেষদিকে তিনি জুলাই গণহত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশের যেকোনো স্থানে দেখা গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বা থানায় সোপর্দ করার আহ্বান জানান।