
রাজধানীর স্বামীবাগে রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শারীরিক অসুস্থতার কারণে বক্তব্য শেষ না করেই তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। পরে চিকিৎসকের পরামর্শে তাকে বাসায় নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে তিনি বিশ্রামে রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যের শেষ দিকে হঠাৎ অসুস্থ বোধ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর তাকে দ্রুত বাসায় নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বিশ্রামে আছেন।
তিনি আরও জানান, শারীরিক অসুস্থতা সত্ত্বেও বিকেলে অনুষ্ঠিতব্য মন্ত্রিসভার বৈঠকে মির্জা ফখরুলের অংশ নেওয়ার কথা রয়েছে।