
রাজধানীর ধানমন্ডি থেকে জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে তার বাসা থেকে তাকে হেফাজতে নেওয়া হয়।
ধানমন্ডির ৮/এ রোডে নিজ বাসভবন থেকে তাকে আটক করা হলেও, ঠিক কোন মামলায় বা কী অভিযোগে তাকে আটক করা হয়েছে—এ বিষয়ে এখনো ডিবির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে।
ড. শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথমবারের মতো জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন এবং এরপর ধারাবাহিকভাবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ৭ জানুয়ারি অনুষ্ঠিত বিএনপিবিহীন নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠনের পরও তিনি পুনরায় স্পিকার হিসেবে নির্বাচিত হন।
রংপুর-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করা শিরীন শারমিন চৌধুরী, শেখ হাসিনার পতনের ২৭ দিনের মাথায় স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন।