
নোয়াখালীর হাতিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হামলার মুখোমুখি হয়েছেন সংসদ সদস্য হান্নান মাসউদ। এ ঘটনায় তার দুই সমর্থক আহত হয়েছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে এমপি হান্নান মাসউদ ঘটনাস্থলের সড়কে অবস্থান নেন। আহত সমর্থকদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রের খবর, নির্বাচন সহিংসতায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের খোঁজ নিতে এবং এলাকা পরিদর্শনে যান হান্নান মাসউদ। প্রকল্প বাজারে পৌঁছালে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এ খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকদের সঙ্গে হামলাকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বর্তমানে উভয়পক্ষ সড়কের দুই পাশে অবস্থান করছে, যার ফলে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
হান্নান মাসউদ অভিযোগ করেন, “আমি প্রকল্প বাজারে পরিদর্শনে এসেছি। এ সময় বেলাল মাঝির নেতৃত্বে চিহ্নিত সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা চালিয়ে আহত করেছে। আমি এখানে অবস্থান নিয়েছি। বেলাল মাঝিকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমি অবস্থান ছাড়ব না। সে ২০১৮ সালেও সাবেক এমপি ফজলুল আজিমের ওপর হামলা করেছিল।”
অভিযুক্ত বেলাল মাঝির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
হাতিয়া থানার ওসি সাইফুল আলম বলেন, “আমি ঘটনাস্থলে আছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।”