
চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঙিনায় ফেলে যাওয়া এক সদ্যোজাত শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে হাসপাতালের পাশের প্রাঙ্গণ থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।
হাসপাতাল সূত্র জানায়, অজ্ঞাত পরিচয়ের এক পুরুষ ও দুই নারী শিশুটিকে হাসপাতালের পাশে রেখে দ্রুত সরে যান। পরে স্থানীয় এক ব্যক্তি বিষয়টি লক্ষ্য করে নবজাতকটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে শিশুটি পটিয়া মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনাটি নিশ্চিত করে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাবরিনা রাব্বি জানান, নবজাতকের ওজন স্বাভাবিকের তুলনায় অনেক কম। তার নিবিড় পর্যবেক্ষণ ও উন্নত চিকিৎসা প্রয়োজন। এজন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।