
পবিত্র রমজানকে ঘিরে যখন ধর্মীয় ভাবগাম্ভীর্য বাড়ছে, তখন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। সংগঠনটি রমজানের পবিত্রতা রক্ষায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখার দাবি জানিয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে নেতারা এসব দাবি উত্থাপন করেন।
সমাবেশে সংগঠনের যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমান ফয়সাল বলেন, ‘বিশ্বব্যাপী রমজান মাস শুরু হয়েছে। রমজান এলে প্রতিটি দেশে দ্রব্যমূল্য কমে যায়। অথচ বাংলাদেশে কতিপয় অসাধু ব্যবসায়ীর চক্রান্তে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। আমরা দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ কামনা করছি।’
তিনি নবনির্বাচিত সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের পাশাপাশি দিনের বেলা হোটেল বন্ধ রাখতে হবে এবং হোটেল শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করতে হবে।
সমাবেশে সংগঠনের যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল বলেন, রমজান শুরু হতেই প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। অসাধু ব্যবসায়ীদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘কালোবাজারিদের আমরা বলতে চাই, রমজান মাসে দ্রব্যমূল্য বাড়িয়ে আপনারা জনগণের বিরুদ্ধে অবস্থান করছেন।’
এ সময় সেতুমন্ত্রীর সাম্প্রতিক এক বক্তব্যেরও সমালোচনা করেন আব্দুল জলিল। তিনি বলেন, ‘গতকাল সেতুমন্ত্রী চাঁদাবাজির নতুন এক সংজ্ঞা প্রদান করেছেন। তিনি বলেছেন, আপসে টাকা দিলে তা চাঁদাবাজি নয়। আমরা সেতুমন্ত্রীর এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’