
ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য পদে শপথ নেননি নুরুল হক নুর ও জোনায়েদ সাকি। তাদের এই অবস্থান রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে।
বিএনপি জোটের শরিক গণসংহতি আন্দোলন-এর প্রধান সমন্বয়ক সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। একই জোটের আরেক শরিক গণঅধিকার পরিষদ-এর সভাপতি নুর পটুয়াখালী-৩ আসন থেকে এমপি হয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৩৫ মিনিটে নুরুল হক নুরসহ স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ছয়জন নবনির্বাচিত সদস্য সংসদ সদস্য হিসেবে শপথ নেন। তবে তারা কেউই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ পাঠ করেননি।
এরপর বেলা পৌনে ২টায় সংসদ সদস্য হিসেবে শপথ নেন জোনায়েদ সাকি। তিনিও একইভাবে সংস্কার পরিষদের শপথ থেকে বিরত থাকেন।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।
এর আগে জাতীয় সংসদ-এর সদস্য হিসেবে শপথ নেন এনসিপি মনোনীত প্রার্থীরা। তারা পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ গ্রহণ করেন। একইভাবে যে ১১ দলীয় জোটের ব্যানারে তারা নির্বাচনে অংশ নেন, সেই জোটের শরিক বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ অন্য দলগুলোর সদস্যরাও দুটি শপথই সম্পন্ন করেছেন।
