
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর আন্তর্জাতিক অঙ্গন থেকেও অভিনন্দনের ঢল নামছে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের প্রতি। এবার তাকে শুভেচ্ছা জানিয়েছেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) নিজের এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে নরওয়ের প্রধানমন্ত্রী এই অভিনন্দন বার্তা প্রকাশ করেন।
পোস্টে নরওয়ের প্রধানমন্ত্রী লিখেছেন, ঐতিহাসিক নির্বাচনে বিজয় অর্জনের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছি। নরওয়ে আন্তর্জাতিক আইন, গণতন্ত্র এবং মানবাধিকারের প্রতি সম্মান বৃদ্ধিসহ আমাদের দুই দেশের শক্তিশালী দ্বিপাক্ষিক সহযোগিতা অব্যাহত রাখার জন্য উন্মুখ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে ২০৯টিতে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মামলা সংক্রান্ত জটিলতার কারণে স্থগিত থাকা দুটি আসনেও দলটির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। এ ছাড়া বিএনপির শরিক দলগুলো আরও তিনটি আসন অর্জন করেছে।
অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। দলটির নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোটের অন্যান্য শরিকরা পেয়েছে আরও ৯টি আসন।
এ ফলাফলের মধ্য দিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে এগোচ্ছে বিএনপি। আগামী মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি বিকেল ৪টায় তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
নতুন মন্ত্রিসভা শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই তারা আনুষ্ঠানিকভাবে দেশের দায়িত্ব গ্রহণ করবে। এর আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করবে। নতুন সরকার শপথ নেওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।