
সাবেক পাকিস্তানি ক্রিকেটার ওয়াসিম আকরাম তার প্রাক্তন অধিনায়ক এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্যের দ্রুত অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। প্রতিবেদনে জানা গেছে, ইমরান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি আছেন এবং তার ডান চোখের দৃষ্টিশক্তি প্রায় ৮৫ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই খবর প্রকাশ হওয়ার পর আকরাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট দিয়ে জেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি লিখেছেন, “আমাদের অধিনায়ক ইমরান খান স্বাস্থ্যগত সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন শুনে মন ভেঙে যাচ্ছে। আমি আশা করি কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সাথে নেবে এবং তার সেরা চিকিৎসা নিশ্চিত করবে। দ্রুত সুস্থতা কামনা করছি।”
আইনজীবী সালমান সফদারের রিপোর্ট অনুযায়ী, ইমরানের ডান চোখে মাত্র ১৫ শতাংশ দৃষ্টি অবশিষ্ট আছে। গত বছরের অক্টোবর থেকে তিনি ঝাপসা দেখার অভিযোগ করলেও জেল কর্তৃপক্ষ সময়মতো কোনো ব্যবস্থা নেয়নি। পরে জানা যায়, চোখের রেটিনায় রক্ত জমাট বাঁধায় স্থায়ী ক্ষতি হয়েছে।
ইমরান খান ২০২৩ সালের আগস্টে গ্রেপ্তার হন। সুপ্রিম কোর্ট তাঁর স্বাস্থ্য পরিস্থিতি দেখে ১৬ ফেব্রুয়ারির মধ্যে একটি মেডিকেল বোর্ড গঠন করে পূর্ণাঙ্গ চোখের পরীক্ষা করার নির্দেশ দিয়েছে।
ওয়াকার ইউনুসও ইমরানের জন্য মানবিক আচরণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “রাজনীতিকে পাশে সরিয়ে রাখুন। আমাদের জাতীয় বীর, যিনি ক্রীড়াজগতে গৌরবান্বিত মুহূর্ত এনে দিয়েছেন এবং ক্যানসার হাসপাতালের মাধ্যমে অনেককে সাহায্য করেছেন, তার স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ। জরুরি চিকিৎসা প্রয়োজন।”
শওকত খানম ক্যানসার হাসপাতাল প্রতিষ্ঠার প্রসঙ্গে সাবেক পেসার শোয়েব আখতার বলেছেন, “ইমরানের চোখের দৃষ্টি হারানোর খবর শুনে আমি মর্মাহত। আশা করি তিনি সুচিকিৎসা পাবেন এবং দ্রুত সুস্থ হবেন।”
এছাড়া শহীদ আফ্রিদি, রমিজ রাজা ও মোহাম্মদ হাফিজসহ পাকিস্তানের আরও কিছু সাবেক ক্রিকেটার মানবিক চিকিৎসার দাবিতে জেল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। ভারতের সাবেক ব্যাটার অজয় জাদেজাও পাকিস্তানি ক্রিকেটারদের ইমরানের পাশে দাঁড়ানোর অনুরোধ করেছেন।